৫ আগস্টেই আ'লীগের রাজনৈতিক মৃত্যুর পর দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

বিএনপি সিনিয়র নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। তিনি বলেন, সেই আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে। একই সঙ্গে জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান জানান তিনি।
আজ শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে শিগগির আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক। অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিদেশে অবস্থান করে পতিত স্বৈরাচার ও তাদের সহযোগীরা দেশের স্থিতিশীলতা বিনষ্ট এবং গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সরকার সতর্ক রয়েছে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। সেই চেতনার বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।
আ. দৈ./কাশেম




















