রাজশাহীকে পূর্ণাঙ্গ ইন্টারনেট সিটি গড়তে চাই : ভূমিমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি

অচিরেই আমরা রাজশাহীকে একটি পূর্ণাঙ্গ ‘ইন্টারনেট সিটি’ হিসেবে গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
গতকাল শুক্রবার (১৫ মে) রাজশাহী নগরীর একটি হোটেলে আয়োজিত ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর উন্নয়নে আমাদের একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান রয়েছে। আইটি খাতে এই অঞ্চলকে এগিয়ে নিতে আমরা কাজ করছি। নিক্স আঞ্চলিক পপ চালুর মাধ্যমে রাজশাহীতে ডিজিটাল উন্নয়নের নতুন গতি সৃষ্টি হবে। ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে।
তিনি আরো বলেন, ইন্টারনেট একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো। এটি যেন কখনো বিচ্ছিন্ন না হয়, সে জন্য আমরা পরিকল্পিতভাবে কাজ করছি। রাজশাহীতে উন্নত ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির সুবিধা ও আধুনিক অবকাঠামোর পাশাপাশি ইন্টারনেট ক্যাবল স্থাপনের জন্যও সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। অচিরেই আমরা রাজশাহীকে একটি পূর্ণাঙ্গ ‘ইন্টারনেট সিটি’ হিসেবে গড়ে তুলতে চাই।
দেশীয় পর্যায়ে ডেটা বিনিময়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এখন দেশের ইন্টারনেট ট্রাফিক দেশের ভেতরেই বিনিময় করা সম্ভব হবে। এর ফলে বিদেশি নির্ভরতা কমবে, দেশের অর্থ দেশেই থাকবে। এটি প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।”
রাজশাহীতে ডেটা সেন্টার স্থাপনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় জায়গা পাওয়ার জন্য আবেদন করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই উন্নয়ন রাজশাহীকে দেশের শীর্ষ প্রযুক্তিনগরীতে পরিণত করবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন আজকের দৈনিককে বলেন, রাজশাহীকে আধুনিক, প্রযুক্তিবান্ধব ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পপ চালুর ফলে নগরবাসী আরও দ্রুতগতির ও মানসম্মত ইন্টারনেট সেবার সুফল পাবেন। শিক্ষা, ব্যবসা, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল সেবার ক্ষেত্রে এটি নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
অনুষ্ঠানে জানানো হয়, এই আঞ্চলিক পপের মাধ্যমে প্রায় ৪০০ জিবিপিএস ট্রাফিক পরিচালনার সক্ষমতা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে। এ উদ্যোগের মাধ্যমে রাজশাহী বিভাগে ইন্টারনেটের গতি ও মান বাড়বে, কমবে বিদেশি ব্যান্ডউইথের ওপর নির্ভরতা এবং স্থানীয় পর্যায়ে ডেটা আদান-প্রদান আরও দ্রুত ও সহজ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ। স্বাগত বক্তব্য রাখেন আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএসপিএবির কোষাধ্যক্ষ ও রেড ডাটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মইন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি’র বিভাগীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম। এছাড়া ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, পরিচালক মিঠুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম/ জাকির




















