কাপাসিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী লিয়নের গণসংযোগ
গাজীপুর প্রতিনিধি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠছেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন। ইতোমধ্যে উপজেলার ১১টি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করে তিনি সাধারণ মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও অলিগলিতে ঘুরে ঘুরে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন তিনি। তার এই নিরলস প্রচারণায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার।
প্রার্থী জুনায়েদ হোসেন লিয়ন বলেন, রাজনীতি আমার কাছে মানুষের সেবা করার একটি মাধ্যম। ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে কাপাসিয়াকে একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত উপজেলায় রূপান্তর করতে কাজ করবো।
স্থানীয় বাসিন্দা হানিফ মিয়া বলেন, লিয়ন ভাই সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তিনি একজন পরীক্ষিত ও যোগ্য নেতৃত্ব। আমরা তার বিজয় দেখতে চাই।
কড়িহাতা ইউনিয়নের বাসিন্দা আল-আমিন বলেন,তরুণ সমাজের জন্য লিয়ন ভাই একটি অনুপ্রেরণার নাম। তার মতো একজন কর্মঠ মানুষ নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।
টোক এলাকার বাসিন্দা বলেন, তিনি সাধারণ মানুষের দরজায় গিয়ে খোঁজখবর নিচ্ছেন। এমন মানবিক ও আন্তরিক প্রার্থীই আমাদের প্রয়োজন।”
স্থানীয় ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, লিয়ন ভাইয়ের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মাঠে তার উপস্থিতি ও কাজের ধরণ দেখে বোঝা যায় তিনি জনগণের প্রার্থী।
জানা গেছে, রাজনীতির পাশাপাশি জুনায়েদ হোসেন লিয়ন পরিবহন খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি গাজীপুর থেকে কাপাসিয়া-টোক মহাসড়কে চলাচলকারী পথের সাথী রাজদূত পরিবহনের চেয়ারম্যান এবং কাপাসিয়া গাজীপুর বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, যা স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে।
দীর্ঘদিনের তৃণমূল সম্পৃক্ততা, ছাত্র রাজনীতির অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক এই তিনটি বিষয় লিয়নের জনপ্রিয়তাকে শক্তিশালী করেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে তার গ্রহণযোগ্যতা তাকে নির্বাচনী দৌড়ে এগিয়ে রেখেছে।
আ. দৈ./কাশেম/ জাকির




















