সরকারি সফরে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক :

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে গত রোববার মালয়েশিয়া গেছেন। তিনি আজ সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত দ্য ডিফেন্স সার্ভিস এশিয়া ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া এক্সিবিশন পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এ প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে।
এছাড়াও, তিনি আগামীকাল মঙ্গলবার ৮ম পুত্রজায়া ফোরামে অংশগ্রহণ করবেন। এই ফোরামে এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক বিভিন্ন নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। এ সময় মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দের সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
আ. দৈ./কাশেম / ইমু




















