সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি নেতা সাবেক এমপি ফজলুর জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক সংসদ সদস্য,বিএনপি নেতা ও বর্ষীয়ান রাজনীতিবিদ জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জি এম ফজলুল হক ১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত ৭ম ও ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত হন।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় তারা জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ এতে ইমামতি করেন।এর আগে তার ছেলে পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন এবং পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জানাজায় অংশ নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও চাঁদপুরবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, জি এম ফজলুল হক ছিলেন সৎগুণের অধিকারী এবং দেশের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেছেন। এরপর তিনি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, অতিরিক্ত সচিব (এফঅ্যান্ডপিআর) এবং অতিরিক্ত সচিব (আইপিএঅ্যান্ডএস) কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজায় জাতীয় সংসদের সংসদ সদস্য, সার্জেন্ট অ্যাট-আর্মসসহ সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান জি এম ফজলুল হক। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জি এম ফজলুল হক বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং শিল্প-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
অআ. দৈ./কাশেম




















