রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তারেকের ছবিসহ দৃষ্টিকটু সববিলবোর্ড- ব্যানার সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৮০)
X

বিএনপি চেয়ারম্যান ও  প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের পাশে লাগানো তার ছবিসহ দৃষ্টিকটু সবধরনের বিলবোর্ড, ফ্যাস্টুন এবং ব্যানার দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে গুলশানের বাসা থেকে বেরিয়ে সচিবালয়ে যাওয়ার পথে হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে তার ছবি সংবলিত ব্যানার দেখে তখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটি তৎক্ষণাৎ সরানো হয়।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শন করছে নানা কোম্পানি। সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বিজয় সরণি দিয়ে যাওয়ার সময় একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল দেখে তখনই সেটি অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে অফিস করেন। তিনি সকাল ৯টা ১৫ মিনিটে অফিসে আসেন। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি ও অবৈধ পাচার রোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।ট্রাফিক সিগন্যাল মানায় রাজধানীর সড়কে যান চলাচলে গতি বেড়েছে। প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন রুমন।

প্রতিবেদনটি প্রধানমন্ত্রী দেখেছেন জানিয়ে অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি-প্রকৃতি কেমন- এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে উপস্থাপন করা হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাজধানীতে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার, যা কিনা হাঁটা গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্বভার নেওয়ার পর ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন।
প্রতিবেদনে গত ১৪ দিনের পরিসংখ্যান দিয়ে বলা হয়, ভিভিআইপি প্রটোকলে যান চলাচল বাধাগ্রস্ত না হওয়ায় গতি ঘণ্টায় ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন।

মোটা চালের দাম বৃদ্ধির খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব বলেন, মোটা চাল যেটি প্রান্তিক মানুষের খাদ্য, সেই চালের দাম খুচরা বাজারে বৃদ্ধির সংবাদ গত সোমবার প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন। এর তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব বাজারে দেখা গেছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝