রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক মেয়র আইভীর ৫ মামলায় জামিন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৫৭)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ সারাদেশে ছাত্র জনতার গণআন্দোলনকালে নির্বিচারে হত্যা, অপহরণসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা পৃথক পাঁচটি মামলায় কারাবন্দি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। গত বছরের মে মাস থেকে কারাগারে থাকা আইভীর পক্ষে করা আবেদনের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর ফলে তার কারামুক্তিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

ডা. আইভী গত বছরের ৯ মে শহরের পশ্চিম দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার হন। পরবর্তীতে তাকে আরও চারটি পৃথক মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছিল। এসব মামলার মধ্যে রয়েছে বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা এবং পারভেজ হত্যা মামলা। 

এর বাইরেও পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় তিনি অন্যতম আসামি ছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালত আজ সব কটি মামলায় তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত দেন।

মামলার বিবরণ অনুযায়ী, প্রথম চারটি হত্যা মামলা ফতুল্লা মডেল থানায় নিহতের পরিবারের সদস্যদের পক্ষ থেকে দায়ের করা হয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ভুঁইগড় ও দেলপাড়া এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় আইভীকে হুকুমের আসামি করা হয়। 

অন্যদিকে, সদর মডেল থানায় পুলিশের করা মামলাটি ছিল মে মাসে আইভীর বাসভবনে তল্লাশি চালানোর সময় পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায়। ওই ঘটনায় পুলিশ গত ১২ মে একটি মামলা দায়ের করে, যেখানে আইভীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের আসামি করা হয়েছিল।

তার আইনজীবীরা আদালতে যুক্তি দেখিয়েছেন যে, এসব মামলায় তাকে রাজনৈতিক উদ্দেশ্যে জড়ানো হয়েছে। জামিন পাওয়ার পর এখন তার সমর্থকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে এবং জেলখানা থেকে তার মুক্তির অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা। ২০০৩-২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি নির্বাচনে টানা জয়ী হন তিনি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝