রুহুল আমিন পুনরায় লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর নির্বাচিত
জিহাদ হোসেন রাহাত লক্ষ্মীপুর,

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর হিসেবে ফের নির্বাচিত হয়েছেন রুহুল আমিন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জামায়াতের রুকনদের ভোটে তিনি ২০২৫-২৬ সেশনের জন্য আমীর নির্বাচিত হন। পরে রাতেই তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা জামায়াতে ইসলামীর বর্তমান সহকারী সেক্রেটারি মহসিন কবির নতুন আমীর নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জামায়াতে ইসলামী সূত্র জানায়, তিনি ২০০১-২০০২ সেশন থেকে লক্ষ্মীপুর জেলা জামায়েত ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। সেসময় তিনি লক্ষ্মীপুর জেলা জামায়েতের আমীরের দায়িত্ব গ্রহন করেন অধ্যক্ষ আব্দুল জব্বারের কাছ থেকে।
সে বারের পর ২০২৫-২৬ সেশনসহ তিনি মোট ১৩ বার এই দায়িত্ব পেয়েছেন। এই সেশনে তিনি জেলা জামায়াতে ইসলামী রুকনদের ভোটে জেলা শুরা সদস্য গঠন করবেন এবং শুরা সদস্যদের মাধ্যমে জেলা কমিটির সেক্রেটারি নির্বাচনসহ পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।
রুহুল আমিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে কেন্দ্র ঘোষিত জামায়াতে ইসলামীর প্রার্থী। উল্লেখ্য যে, গত ৫ অক্টোবর লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
আ. দৈ. /কাশেম/জিহাদ




















