হাদি গুলিবিদ্ধ, মির্জা আব্বাসকে জড়িয়ে প্রতিবেদন,আদালতে মামলা তদন্তে ডিবি
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের নতুন ইতিহাস জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিএনপি নেতা মির্জা আব্বাসকে জড়িয়ে আপত্তিকর সংবাদ প্রচারের অভিযোগে অনলাইন ‘নিউজ পোর্টাল দৈনিক আজকের কণ্ঠের’ বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় পোর্টালটির অ্যাডমিনসহ অজ্ঞাত পরিচয়ের সহযোগীদেরও আসামি করা হয়েছে।
আজ রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
বাদী জানান, তিনি ওই সংবাদ ১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বসে দেখেন এবং পরে বিষয়টি আদালতে উপস্থাপন করে মামলা করেন।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ও মির্জা আব্বাস দুজনই আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। হাদি সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং মির্জা আব্বাস বিএনপি মনোনীত।
মামলার অভিযোগে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি অনুসরণ করে প্রচারণায় অংশ নিচ্ছেন। এ সময় নির্বাচন প্রভাবিত করা এবং সম্ভাব্য প্রার্থীর কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে আসামিরা জনসাধারণকে বিভ্রান্তকর সংবাদ প্রচার করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার সময় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। ঘটনার সঙ্গে পুরোনো ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের সম্পৃক্ততার আশঙ্কা করা হচ্ছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটে দৈনিক আজকের কণ্ঠ ‘মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। বাদীপক্ষ দাবি করেছে, সংবাদটি প্রকাশের উদ্দেশ্য ছিল মির্জা আব্বাসের চরিত্র ও নির্বাচনি প্রচারণা ক্ষতিগ্রস্ত করা।
আ. দৈ./কাশেম




















