বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত করলেন আজহারী
নিজেস্ব প্রতিবেদক

দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী চলতি বছরে উন্মুক্ত মাঠে অনুষ্ঠেয় সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন।
শনিবার (৮ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।আজহারী লেখেন, ‘উন্মুক্ত মাঠে অনুষ্ঠেয় আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।’
ফেসবুক পোস্টের মন্তব্যে তিনি জানান, গত বছর আটটি বিভাগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছিল। লাখো মানুষের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বে এসব আয়োজন সফল হয়।
তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন বলে উল্লেখ করেন আজহারী। তিনি বলেন, বর্তমানে সারাদেশে নির্বাচনকেন্দ্রিক উত্তাপ তৈরি হয়েছে, আর অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়ে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও প্রচারণা কর্মসূচি বাড়ছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
তার ভাষায়, নির্বাচনের ঠিক আগমুহূর্তে তাকে ঘিরে এ ধরনের বড় তাফসির আয়োজন যুক্তিযুক্ত হবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি এ বছরের বিভাগীয় তাফসির মাহফিলগুলো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিস্থিতিতে পুনরায় তাফসিরুল কোরআনের ঐতিহাসিক মাহফিলগুলো শুরু করা হবে, ইনশা আল্লাহ।
পোস্টে তিনি তার সদ্য প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন নিয়েও কথা বলেন। শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে অবদান রাখতে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে এখন তিনি ফাউন্ডেশনের কাজেই পুরোপুরি আত্মনিয়োগ করছেন বলে উল্লেখ করেন।
সবশেষে দেশবাসীর প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে তিনি লেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশনের জন্য সকলের আন্তরিক দোয়া কামনা করছি।
আ.দৈ/আরএস




















