নির্বাচনে জাতীয় পার্টি সুযোগ পেলেই আ.লীগের জন্য সুবিধা: আখতার
নিজেস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ ফ্যাসিবাদী হয়ে ওঠার পেছনে জাতীয় পার্টিই সবচেয়ে বেশি দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, জাতীয় পার্টি কিন্তু এখন আর জাতীয় পার্টি নয়, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। নির্বাচনে জাতীয় পার্টিকে সুযোগ দেওয়ার অর্থ হলো আওয়ামী লীগকেই সুযোগ করে দেওয়া।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, আগামী নির্বাচনে কোনোভাবেই যেন ফ্যাসিবাদীদের কেউ অংশগ্রহণ করতে না পারে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশ নিচ্ছে না— সে বিষয়ে সরকারের তরফ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের ভাইয়েরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মার খেয়েছেন। নুরুল হক নুর ভাইকে রক্ত ঝরাতে হয়েছে। বাংলাদেশ এই সময়টাতে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশের রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন আসবে— একটি গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে, জবাবদিহিতা থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে।
তিনি বলেন, এসব বিষয়কে সামনে রেখে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের আওতাধীন রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছি। অনেক মৌলিক পরিবর্তনের বিষয়ে একমত হয়েছি। জুলাই সনদকে আইনে রূপ দেওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি। তবে এখনো সেই লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি।
আ.দৈ/আরএস




















