নিজামী.মীর কাসেম ও সাকা চৌধুরীদের মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নেতা মীর কাসেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেক আলেম-ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
আজ শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের কথা জাতি ভুলে যায়নি। ৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা, ২০ হাজারের বেশি নেতাকর্মী হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন। জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদেরসহ অনেকে আলেম-ওলামাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। এসব এই জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়।’
তিনি আরও বলেন, ‘এই দেশবাসী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়- এমন বাংলাদেশ, যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয়, জনগণের ইচ্ছায় পরিচালিত হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৭৫ সালের বাকশাল শাসনের সময় ছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণের দুঃসময়। তখন সাংবাদিকরা বেকার হয়েছিলেন, অনেকে রাস্তায় হকারি করেছেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।’
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই। গণতন্ত্রের পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,রাজনৈতিক দলের বিভেদের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অতীতের ওপর ভিত্তি করে সামনে আগাবো আমরা। আমাদের সন্তানদের জন্য গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যেতে হবে।’
সামনের দিনে রাজনৈতিক দলে মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে এক থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাবেন বলেও প্রত্যাশা করে তিনি বলেন, ‘আমাদের বিভেদের কারণ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে এই জাতি আমাদের ক্ষমা করবে না।’
বিএনপির এ নেতা আরও বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে সবাই একত্রিত হয়ে আদর্শগত ও মতপার্থক্য থাকা স্বত্বেও স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক হতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধে ঐক্যবদ্ধ থাকবো আমরা।’
আ. দৈ./কাশেম




















