মাহী বি চৌধুরীর ২১ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক :

প্রায় ২১ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পাদের তথ্য গোপনের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (১৫ অক্টোবর) মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। আজ কমিশনের এক সভায় মামলা দায়েরের জন্য অনুমোদন দেওয়া হয়। এরপর দুদকের অনুসন্ধানী কর্মকর্তা উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে সংশ্লিষ্ট শাখায় মামলাটি দায়ের করেন ।
দুদকের অভিযোগে বলা হয়, মাহী বদরুদ্দোজা চৌধুরী তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
এছাড়া তিনি ২০ কোটি ৬৯ লাখ ২৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মাহী বি চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। বদরুদ্দোজা চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। ২০০১ সালে বিএনপির শাসনামলে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০০২ রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর শূন্য মুন্সিগঞ্জ-১ আসনে উপনির্বাচনে এমপি নির্বাচিত হন মাহী বি চৌধুরী। ২০১৮ সালে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে আবারও মুন্সিগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
আ. দৈ./কাশেম




















