আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
কাদের,মেনন,ইনু, আমুসহ ৪৫ জনের প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, গতবছর ছাত্রজনতার অসহযোগ আন্দোলনে জুলাই-আগস্টের অভ্যুত্থানকালে ব্যাপক গণহত্যা অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী আনিসুল হকসহ ৪৫ আসামির বিরুদ্ধে আগামী ৮ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে ওই দিন তদন্ত প্রতিবেদন দাখিলের পাশাপাশি এই মামলায় শুনানির দিনও ধার্য করেছেন আদালত।
ট্রাইব্যুনালে হাজির আসামিরা হলেন, সাবেক আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক–ই–ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক,শাজাহান খান, কামরুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিম, সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
আজ/ গতকাল বুধবার (১৫ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ২০ জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন আজ ১৫ অক্টোবরের মধ্যে দাখিল করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিন আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে সময় আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আদালত তা মঞ্জুর করেন।
মামলায় ৪৫ আসামির মধ্যে ১৭ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এদিন সকালে কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কড়া নিরাপত্তায় ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে, কর্নেল ফারুক খানকে অসুস্থতাজনিত কারণে হাজির করা হয়নি।
আ. দৈ./কাশেম




















