রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পিআর ও অন্যান্য দাবিতে তৃতীয়বার আন্দোলনে নামছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৯:০৭ পিএম   (ভিজিট : ১৫৭)
X

পাঁচ দফা দাবিতে তৃতীয়বারের মতো কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদশ জামায়াতে ইসলামী।রোববার (১২ অক্টোবর) সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য জানান।

৫ দফা দাবি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভূক্ত করে গণভোট প্রদান করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ দফা দাবির প্রেক্ষিতে গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি, ১০ অক্টোবর ঢাকাসহ সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের নিকট স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ প্রমাণ করেছে, জামায়াতের দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের ৫-দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না।’ 

ঢাকাবাসীসহ সারাদেশের জনগণ এবং জামায়াতের সকল জনশক্তিকে এসব কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। গোলাম পরওয়ার আরও বলেন, ‘সরকার এখন পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে না নেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করছে।’

কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে ১৪ অক্টোবর যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। যাত্রাবাড়ী মোড়, মৎস্য ভবন ও গাবতলী পয়েন্টের মানববন্ধনে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এদিন দেশের সকল বিভাগীয় শহরেও মানববন্ধন করবে দলটি। পরদিন ১৫ অক্টোবর দেশের সকল জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আ.দৈ/আরএস



 


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝