রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনে অংশ নিতে ১৪৩ প্রার্থী চূড়ান্ত করলো গণতন্ত্র মঞ্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৫:৪০ পিএম   (ভিজিট : ১১০)
X

বাম ও প্রগতিশীল ঘরানার ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট ‘গণতন্ত্র মঞ্চ’ আসন্ন নির্বাচনের জন্য ১৪৩ জনের একটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। জোটের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘গণতন্ত্র মঞ্চ’ তাদের এ প্রার্থী তালিকার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। স্বাগত বক্তব্যে তিনি জানান, মঞ্চের ৬ দলের এ পর্যন্ত ৪০০ এর অধিক প্রার্থীর আবেদন জমা পড়েছে। আরও অনেকে আগ্রহ জানিয়েছেন। প্রার্থীতা বাছাই ও সমন্বয় কমিটি আবেদনগুলো পর্যালোচনা ও সমন্বয়ের কাজ করছেন। একই আসনে একাধিক প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ধারাবাহিকভাবে দলগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে সমন্বয় কাজ চলমান বলে জানান তিনি।

নির্বাচন প্রসংগে তিনি বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জুলাই সনদের টেকসই বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ এই নির্বাচন।

গণতন্ত্র মঞ্চ এর আগে একক ভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছিল। এর পাশাপাশি মঞ্চ সম্প্রসারণের আলাপ চলমান রয়েছে। এমনকি অন্য কোন জোটের সাথে ঐক্য বা নির্বাচনী সমঝোতার সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করে জনগণের মালিকানা ও জনগণের কাছে জবাবদিহিতার রাষ্ট্র কাঠামো গড়তে যারা সর্বোচ্চ সচেতন হবেন, তাদের সঙ্গেই গণতন্ত্র মঞ্চের ঐক্য হবে বলে জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব ও সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন।

আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান; জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী; নাগরিক ঐক্যের সভাপতিমন্ডলীর সদস্য মোফাখখাইরুল ইসলাম নবাব, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার; গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ভাসানি জনশক্তি পার্টির মহাসচিব ডঃ আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট  মোহাম্মদ আলী; বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল ও যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া।

প্রকাশিত তালিকায় মঞ্চের শরিক দলগুলোর শীর্ষ এই নেতাদের আসনও নিশ্চিত করা হয়েছে। মঞ্চের শরিক দলের শীর্ষ নেতাদের মধ্যে প্রার্থী তালিকায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (বগুড়া-৪), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (ঢাকা-৮), গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু (জামালপুর-৫) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইউম (কিশোরগঞ্জ-৫) আসনের কথা উল্লেখ রয়েছে। শারীরিক অসুস্থতার কারণে আ স ম আব্দুর রব নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভাবনা থাকায় সেক্ষেত্রে তার স্ত্রী ও জেএসডির সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর-৪ আসনে প্রার্থী হয়েছেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝