সরকার জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেবে
নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জুলুম,নির্যাতন,হত্যা ও গুমের বিরুদ্ধে গত বছর জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেওয়ার। সরকারিভাবে আগামী ৬ অক্টোবর দেশব্যাপী বিশ্ব শিশু দিবস পালিত হবে। এ উপলক্ষে ওই সম্মাননা দেবে সরকার।
আজ বুধবার (১ অক্টোবর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় শিশু অধিকার সপ্তাহ আগামী ৫ অক্টোবর পালন করা হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো একযোগে পালন করবে এ বিশেষ সপ্তাহ। এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ‘শিশুর কথা বলবো আজ, শিশুর জন্য করবো কাজ’।
দিবসটি উদযাপন উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু অ্যাকাডেমির আয়োজনে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এতে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং বিশেষ অতিথির বক্তব্য দেবেন ইউনিসেফের প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরা। এছাড়া অনুভূতি প্রকাশ করবেন আন্দোলনে নিহত শিশুদের অভিভাবকরা। অনুষ্ঠানে শিশুদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
আ. দৈ./কাশেম




















