প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের নির্দেশনা দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। নেতাকর্মীরা নির্দেশনা অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে এই নির্দেশ দেন তিনি।
তারেক রহমান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মোবাইলে ফোন করে কথা বলেন। এসময় লাউড স্পিকারে তার কথা শোনেন নেতাকর্মীরা।
এর আগে নেতাকর্মীরা যুক্তরাষ্ট্র সফরে যাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।
তারেক রহমান ফোনে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, “প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে নির্বাচন কমিশন, দূতাবাস ও কনস্যুলেট অফিসে যোগাযোগ করতে হবে।”
তিনি বলেন, “শুধু নির্দেশ দিলাম তা নয়, সবাইকে কাজ করতে হবে। যাতে প্রবাসীরা বিএনপিকে ধানের শীষে ভোট দিতে পারে।”
যাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সেভাবে কাজ করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তারেক রহমান নেতাকর্মীদের বলেন, “বাংলাদেশে নির্বাচনের সময় প্রার্থী বা তার পক্ষের লোকেরা যেভাবে যোগাযোগ করে ঘরে ঘরে গিয়ে ভোট চায় বা ভোটার লিস্টের নামগুলো দিয়ে আসে সেভাবে আপনাদের কাজ করতে হবে। অনেকের এনআইডি করতে হবে।”
তারেক রহমান আরও বলেন, “প্রবাসে ৫০ লাখ ভোটার আছেন। দেশে আছে সাড়ে ১২ কোটি। প্রবাসীদের ভোটার করলে হবে ১৩ কোটি ভোটার। এটা বিরাট একটা ব্যাপার। এজন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। নির্বাচন কমিশন কী নিয়ম করেছে সেগুলো বুঝেশুনে বসে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।”
আ.দৈ/ওফা




















