আ'লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা ও কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী বায়েজিদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি।
গ্রেফতারকৃতরা হলো- কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক , ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও ৯৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সেক্রেটারি নাহিদা নূর সুইটি , মতিঝিল থানা শাখার ছাত্রলীগের সহ-সভাপতি মিরাজ সিকদার,আওয়ামী লীগের সক্রিয় কর্মী বায়েজিদ, উত্তরা পশ্চিম থানা শ্রমিকলীগ নেতা মহর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি শেখ ইবনে সাদিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বিপ্লব, কোতয়ালী থানা ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নিতাই ঘোষ, আওয়ামী লীগের সক্রিয় কর্মী শামীম শিকদার, বংশাল থানা ৩২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন সুমিত, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা, গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাকিব কাজী, রুপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাদিম শেখ ও যুবলীগ কর্মী রেজওয়ান হাওলাদার।
ডিবি সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে ডিবি-সাইবারের একটি আভিযানিক দল রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করে। অন্যদিকে একই দিন ফকিরাপুল কমিশনার গলি এলাকায় অভিযান পরিচালনা করে মিরাজ সিকদারকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম ।
এছাড়া কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বায়েজিদকে, তুরাগ থানাধীন ১৫ নং সেক্টরের ২ নং ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে মহর আলীকে গ্রেফতার করে।
অপরদিকে, ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম নিউ মার্কেট থানাধীন কাঁটাবন এলাকায় অভিযান পরিচালনা শেখ ইবনে সাদিককে, পরিবাগ এলাকা থেকে আমিনুল ইসলাম বিপ্লবকে ও কোতয়ালি থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে নিতাই ঘোষকে গ্রেফতার করে।
একই সময়ে কেরানীগঞ্জ থানার দাড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শামীম শিকদারকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের অপর একটি টিম। ওইদিন রাতে বংশাল থানা এলাকা থেকে ইমতিয়াজ উদ্দীন সুমিতকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আমির হামজা, সাকিব কাজী, নাদিম শেখ ও রেজওয়ান হাওলাদারকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আ. দৈ./ কাশেম/ ইমু




















