রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫ জন
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ৭৫ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৫:৪৯ পিএম   (ভিজিট : ১১৫)
X

ফ্যাসিস্টদের আস্তানা বলে খ্যাত গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে গত ১৬ জুলাই পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা, গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ৭৫ জনের নাম উল্লেখ এবং আরো অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গোপালগঞ্জে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান আজ শুক্রবার (১৮ জুলাই) বেলা তিনটার দিকে মামলার বিষয়টি  গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গোপালগঞ্জ গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমদ বিশ্বাস বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এদিকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আজ সকাল পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাঁদেরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি প্রক্রিয়াধীন।

ওসি সাজেদুর রহমান বলেন, সদর উপজেলার উলপুর ইউনিয়নের খাটিয়াগড় চরপাড়া এলাকায় পুলিশের ওপর হামলা করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমদ বিশ্বাস বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ৭৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

সদর থানার পরিদর্শক তদন্ত আবদুল্লাহ আল মামুন জানান, গত বুধবার রাতে যৌথ বাহিনী ১৪ জনকে আটক করে সদর থানায় হস্তান্তর করে। তাদের বুধবার বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই ১৪ জনসহ আজ সকাল পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গোপালগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার ১৬ আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে ১২ জনকে ৫৪ ধারায় আদালতে নেওয়া হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গোপালগঞ্জে বুধবারের সংঘাত-সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন প্রথমে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমদ চৌধুরী গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক ব্রিফিংয়ে তিনি জানান, কারফিউয়ের সময় দ্বিতীয় দফায় আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ আংশিক শিথিল থাকবে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝