রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা: সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৫:৩০ পিএম   (ভিজিট : ১৮৮)
X

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি লেখেন, `গোপালগঞ্জে জুলাই নেতাদের ওপর বর্বর হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ ছাত্রদের নিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হচ্ছে।'

এর আগে দুপুর ২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। তারা সমাবেশ শেষে মাদারীপুরে ফেরার পথে হামলার শিকার হন। এনসিপির অভিযোগ, হামলায় জড়িত ছিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

চোখে মুখে কাপড় বাঁধা অবস্থায় হামলাকারীরা ইটপাটকেল ছুড়ে ও গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিতে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। তবুও পুরো এলাকা প্রায় এক ঘণ্টা উত্তপ্ত থাকে।

নেতাকর্মীদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী শুরুতে নিষ্ক্রিয় ছিল এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় পরে সেনা ও পুলিশের যৌথ উপস্থিতিতে এনসিপি নেতারা এলাকা ত্যাগ করেন।

এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশজুড়ে ব্লকেড কর্মসূচি পালনের ডাক দেওয়া হলো।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝