কুড়িগ্রামে এলজিইডির রাস্তা নির্মাণে দুর্নীতি, দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় রাস্তা নির্মাণ কাজে ঠিকাদার ও প্রকল্পসংশ্লিষ্টদের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দরপত্রের (টেন্ডার) শিডিউল মোতাবেক কাজ সম্পন্ন না করার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুদকের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযান পরিচালনা করেন।
গণমাধ্যমকে এই তথ্য জানান, দুদকের জনসংযোগ কর্মকর্তা ওসহকারী পরিচালক মো. তানজির আহমেদ। তিনি আরো জানান, দুদকের অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের তালিকা সংগ্রহ করেন। সংগৃহীত তালিকা অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), উলিপুর-এর অধীন ১টি এবং উলিপুর পৌরসভার অধীন ২টি নির্মাণাধীন রাস্তার কাজ সরেজমিনে পরিদর্শন করা হয়। পরবর্তীতে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে প্রকল্পগুলোর বিভিন্ন অংশের পরিমাপ গ্রহণ করা হয়।
এছাড়া, নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে পরীক্ষাগারে পরীক্ষার নিমিত্ত রাস্তার বিভিন্ন অংশ থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়। নিরপেক্ষ প্রকৌশলীর পরিমাপ প্রতিবেদন, নমুনা পরীক্ষার ফলাফল এবং সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনাপূর্বক এ বিষয়ে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
আ. দৈ./একে




















