বালু উত্তোলন নিয়ে বিরোধ: কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়ি-কার্যালয়ে বিএনপির হামলার অভিযোগ, আহত ৫

হামলায় স্থানীয় বিএনপির লোকজন জড়িত বলে দাবি করেছেন শাজাহান আলীর বড় ভাই আবদুর রাজ্জাক। তিনি বলেন, হামলাকারীদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তারা ব্যক্তিগত কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের মারধর করেন। এতে পাঁচজন আহত হন।
কুষ্টিয়ার গড়াই নদ থেকে বালু উত্তোলন এবং বালুর ব্যবসা নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে বিরোধের জেরে জামায়াতের এক নেতার বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে জামায়াতের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা ও পাঁচটি তাজা গুলিও উদ্ধার করেছে পুলিশ।
আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির লোকজন এই হামলায় জড়িত বলে দাবি করেছে জামায়াত।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে আটটার পর কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। একই সময়ে তার ব্যক্তিগত কার্যালয় ও ওয়ার্ড জামায়াত কার্যালয়েও হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন দলটির নেতা-কর্মীরা।
আহত ব্যক্তিরা হলেন জুগিয়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, ইউনুস আলী ও লাল মিয়া। তারা সবাই জামায়াতের স্থানীয় নেতা-কর্মী।
বৃহস্পতিবার সকালে শাজাহান আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইটপাটকেল। বাড়ির এক পাশে অবস্থিত তার ব্যক্তিগত কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে বাড়ির ফটকও। ঘরের ভেতরে কাচের খাবার টেবিলের এক পাশ ভাঙা অবস্থায় দেখা যায়।
শাজাহান আলীর স্ত্রী ফাতেমা পারভীন বলেন, এশার নামাজের পর পরিবারের সদস্যরা বাড়িতে বসে ছিলেন। ব্যক্তিগত কার্যালয়েও কয়েকজন নেতা-কর্মী ছিলেন। হঠাৎ ৩০০ থেকে ৪০০ লোক এসে হামলা চালান। তারা ভাঙচুরের পাশাপাশি গুলি ছুড়তে থাকেন। এ সময় পরিবারের সদস্যরা একটি কক্ষে আটকে থাকেন। তাদের কেউ কেউ ছাদে গিয়ে আশ্রয় নেন।
হামলায় স্থানীয় বিএনপির লোকজন জড়িত বলে দাবি করেছেন শাজাহান আলীর বড় ভাই আবদুর রাজ্জাক। তিনি বলেন, হামলাকারীদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তারা ব্যক্তিগত কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের মারধর করেন। এতে পাঁচজন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গড়াই নদী থেকে বালু উত্তোলন এবং বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। জামায়াতের নেতা-কর্মীদের অভিযোগ, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন শাজাহান আলী। চাঁদা না পেয়ে তিনি বালুবোঝাই ট্রাক চলাচল বন্ধ করে দেন।
জামায়াতের স্থানীয় নেতা-কর্মীদের দাবি, অতিরিক্ত বালুবোঝাই ডাম্পট্রাক দিনরাত ২৪ ঘণ্টা চলাচল করায় এলাকার সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েক দিন আগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ওই এলাকায় গিয়ে সড়কের অবস্থা পরিদর্শন করেন এবং ট্রাক চলাচল বন্ধের কথা বলেন। তাদের দাবি, এর জেরেই জামায়াত নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা চালানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, আলোচনায় আসা বালুঘাটটি আওয়ামী লীগ নেতা মহিবুলের। ওই ঘাট থেকে আওয়ামী লীগ নেতার সঙ্গে ভাগাভাগি করে শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু বালু উত্তোলন করছেন বলে তিনি দাবি করেন।
আমির হামজা বলেন, ভারী ডাম্পট্রাক চলাচলের কারণে এলাকার সড়কের বেহাল দশা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি সেখানে গিয়ে সড়কের অবস্থা দেখে আসেন। ওই সড়ক দিয়ে এ ধরনের ভারী ট্রাক চলাচলের উপযোগিতা নেই জানিয়ে তিনি ট্রাক চলাচল বন্ধের কথা বলেন। তার দাবি, এর পরিপ্রেক্ষিতেই জামায়াতের নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, জামায়াতের কোনো নেতা-কর্মী যদি বালু উত্তোলন থেকে অর্থ পেতেন, তাহলে তিনি ট্রাক চলাচল বন্ধ করতে যেতেন না। হামলার অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু বলেন, ওই এলাকার ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
অন্যদিকে, স্থানীয় বিএনপির কয়েকজন কর্মীর অভিযোগ, আগে শাজাহান আলী প্রতিদিন ৩০ হাজার টাকা করে চাঁদা নিতেন। এখন তিনি ৫০ হাজার টাকা দাবি করছেন। তাদের দাবি, চাঁদা না পেয়ে তিনি বালুবোঝাই ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেখান থেকে সাতটি গুলির খোসা ও পাঁচটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুলিবিদ্ধ কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি।
আ দৈ/ এস এন




















