ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক

ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের যোগসাজশে পাসপোর্ট সেবা প্রদানে হয়রানি, সরকারি নির্ধারিত ফি'র অতিরিক্ত অর্থ আদায়, আবেদন গ্রহণে অনিয়ম ও সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বরিশাল সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. তানজির আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে অফিসের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগসংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে।
পরবর্তীতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালককে অভিযোগ সম্পর্কে অবহিত করে অফিসের বাইরে দালালদের তৎপরতা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সঙ্গে তাদের সম্ভাব্য যোগসাজশের বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি সেবাগ্রহীতাদের নির্বিঘ্নে সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। অভিযানকালে সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনাপূর্বক টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
আ. দৈ/একে




















