আ’লীগ আমলে মানুষকে মারাই ছিল জিয়াউলের কাছে খেলনা: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন,অআওয়ামী লীগ সরকারের আমলে মানুষের জীবন ও মৃত্যুকে নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ওই সময় সেনাবাহিনীর পোশাক পরে, জনগণের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর অস্ত্র ও ক্ষমতা ব্যবহার করে সেই জনগণকেই হত্যা ও গুম করেছেন।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগে এ মামলা করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, যে বাহিনীর দায়িত্ব দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের জীবন নিরাপদ রাখা, সেই বাহিনীর ক্ষমতা নিজের দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করে তিনি রাষ্ট্রের সঙ্গে নির্মম বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
আদালতে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানের কাছে মানুষের জীবন যেন খেলনা ছিল। কখন কাকে তুলে নিতে হবে, কাকে আটকে রাখতে হবে, কাকে নির্যাতন কিংবা হত্যা করতে হবে- এসব যেন তিনি নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করেছেন। রাষ্ট্রীয় ক্ষমতা ও অস্ত্র মানুষের জীবন রক্ষার পরিবর্তে মানুষের জীবন কেড়ে নেওয়ার কাজে ব্যবহার করেছেন। এটি শুধু দায়িত্বের অবহেলা বা ক্ষমতার অপব্যবহার নয়, রাষ্ট্র, জনগণ ও মানবতার প্রতি চরম বিশ্বাসঘাতকতা।
আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ টেলিভিশন ও প্রসিকিউশনের ফেসবুক পেজে এদিনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হয়।
অ্যাটর্নি জেনারেল বলেন, মামলাটি বাংলাদেশের অন্যতম আলোচিত মামলা। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ শুধু বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ নয়, আন্তর্জাতিক আইন এবং সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধেও অপরাধ। এসব অপরাধের শিকার শুধু নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি নন, বরং এর মধ্য দিয়ে আঘাত করা হয়েছে সমগ্র মানবসমাজকে।
তিনি বলেন, জিয়াউল আহসান সাধারণ কোনো অপরাধের দায়ে কাঠগড়ায় দাঁড়াননি। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ আন্তর্জাতিক আইনে স্বীকৃত গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধ মানুষের জীবন, মর্যাদা ও স্বাধীনতার পাশাপাশি সমগ্র মানবসমাজের বিবেকের ওপর আঘাত করেছে। তাই এই বিচার শুধু কয়েকজন ভুক্তভোগীর ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয় নয়, মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করার বিচার।
মানুষকে তুলে নিয়ে যাওয়া, গোপন স্থানে আটকে রাখা, নির্যাতন, গুলি করে হত্যা, গুম এবং পরে এসব ঘটনা অস্বীকার করার বিষয়গুলো তুলে ধরে কাজল বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। যখন এসব কর্মকাণ্ড বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হয়ে ওঠে, তখন তা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।
রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান ও বাহিনীর দায়িত্ব মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষা করা, সেসব প্রতিষ্ঠানের সদস্যদের হাতে মানুষ নির্যাতন ও হত্যার শিকার হলে তার প্রভাব শুধু তাৎক্ষণিক ভুক্তভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সমাজজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ে, পরিবারগুলো ন্যায়বিচারের আশা হারায়। একপর্যায়ে আইনের শাসন ও রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ভেঙে যায়। মানুষের মর্যাদা ও মানুষকে মানুষ হিসেবে দেখার ন্যূনতম মূল্যবোধও পদদলিত হয়।
গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা ও অসহনীয় দুর্ভোগের কথাও আদালতে তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল।
অ্যাটর্নি জেনারেল বলেন, একজন মানুষকে ধরে নিয়ে হত্যা করা হলে শুধু একজনের জীবন শেষ হয় না, ভেঙে পড়ে একটি পরিবার। একজন মা সন্তানের ফিরে আসার অপেক্ষায় থাকেন, একটি শিশু বাবার মুখ দেখার আশায় থাকে। একজন স্ত্রী জানেন না, তার স্বামী বেঁচে আছেন, নাকি আর কখনো ফিরবেন না। বছরের পর বছর পরিবারগুলো কোনো উত্তর পায় না। অনেকের কবর নেই, শেষবারের মতো বিদায় জানানোর সুযোগ নেই, জানাজা, দাফন কিংবা শেষকৃত্যও করতে পারেননি স্বজনেরা।
তিনি বলেন, ইসলামী শরিয়তে জানাজা ও দাফন ফরজে কেফায়া। হিন্দু ধর্মাবলম্বীদেরও মৃতদেহ সৎকারের ধর্মীয় রীতি রয়েছে। অথচ গুম ও হত্যার শিকার ব্যক্তিদের অনেকে এই ন্যূনতম মানবিক মর্যাদা থেকেও বঞ্চিত হয়েছেন। পরিবারগুলোর অপেক্ষা, অনিশ্চয়তা ও অসহায়ত্বের যে যন্ত্রণা, তা আদালতের নথিতে পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়।
বিএনপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রসঙ্গ টেনে কাজল বলেন, তার সন্তান আবরার এখন সুপ্রিম কোর্টের আইনজীবী। তার দিকে তাকালে অনেক সময় তিনি বাকরুদ্ধ হয়ে যান। গুম হওয়ার আগের দিনও আইনজীবী ব্যারিস্টার আরমানের সঙ্গে আদালতের বারান্দায় তাঁর দেখা হয়েছিল। ইলিয়াস আলীসহ গুমের শিকার অন্য ব্যক্তিদের পরিবারের সদস্যদের আইনগত সহায়তা দেওয়ার সুযোগও তাঁদের হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, এসব অপরাধকে শুধু রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখলে এর প্রকৃত গুরুত্ব বোঝা যাবে না। রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ বলতে সাধারণত রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব বা সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে অপরাধ বোঝায়। কিন্তু মানবতাবিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু হলো মানবজাতি।
বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হিসেবে হত্যা, নির্যাতন, গুম, বেআইনি আটক কিংবা অন্যান্য অমানবিক কর্মকাণ্ড সংঘটিত হলে তা আন্তর্জাতিক আইনে বিশেষ গুরুত্ব পায়। এসব অপরাধের শিকার ব্যক্তি শুধু কোনো রাষ্ট্রের নাগরিক নন, তিনি একজন মানুষ। তাঁর ওপর সংঘটিত অপরাধ মানবতার স্বীকৃত মূল্যবোধের ওপর আঘাত।
ইতিহাসের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নিরাপত্তা বাহিনী বা ক্ষমতাশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে সাধারণ মানুষের বিরুদ্ধে এ ধরনের অপরাধ চালালে তার প্রভাব পুরো সমাজে ছড়িয়ে পড়ে।
মামলায় ট্রাইব্যুনালের বিবেচনার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, বেসামরিক মানুষের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, অপহরণ, গোপন আটক, নির্যাতন ও গুম কী বৃহত্তর আক্রমণের অংশ ছিল? এসব অপরাধে জিয়াউল আহসানের ভূমিকা কী ছিল? তিনি কি সরাসরি অপরাধে অংশ নিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সহায়তা করেছেন, নাকি অধস্তনদের অপরাধ সম্পর্কে জানার পরও তা বন্ধ করতে কিংবা দায়ীদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছেন?
প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্রের আলোকে ট্রাইব্যুনালকে এসব প্রশ্নের উত্তর নির্ধারণ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহির ওপর গুরুত্ব দিয়ে কাজল বলেন, রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তার জন্য, তাদের জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। রাষ্ট্রীয় ক্ষমতা মানুষের অধিকার রক্ষার জন্য, মানুষকে গুম করার জন্য নয়। কোনো পদ, দায়িত্ব, ইউনিফর্ম কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিচয় কাউকে এ ধরনের অপরাধের দায় থেকে মুক্তি দিতে পারে না। বরং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে অপরাধ সংঘটিত হলে তার জবাবদিহি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আস্থার কথা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, এ দেশের মানুষের সেনাসদস্যদের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে। মানুষের স্বাভাবিক প্রত্যাশা, একজন প্রকৃত সেনাসদস্য অন্যায় করতে পারেন না। একজন সেনাসদস্যের প্রধান দায়িত্ব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণকে নিরাপদ রাখা। তাঁদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা আসে জনগণের করের টাকা থেকে। সেই জনগণের জীবন রক্ষা করাই তাঁদের দায়িত্ব।
কাজল বলেন, অনেক ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিজেরা সরাসরি কোনো অভিযান পরিচালনা করেন না। কিন্তু এ মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে অন্তত ১১৬টি উদাহরণ তুলে ধরা হয়েছে, যেখানে জিয়াউল আহসান সরাসরি এসব অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, এই বিচার নিহতদের জীবন ফিরিয়ে দিতে পারবে না। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের হারিয়ে যাওয়া বছরগুলোও ফিরিয়ে দিতে পারবে না। সন্তান হারানো মা, বাবাকে হারানো শিশু কিংবা স্বামীর অপেক্ষায় থাকা স্ত্রীর কষ্টেরও কোনো রায় দিয়ে পূর্ণ প্রতিকার করা সম্ভব নয়।
তবু বিচার প্রয়োজন। কারণ সত্যকে চিরদিন চাপা রাখা যায় না। ক্ষমতার অপব্যবহার করে সংঘটিত অপরাধের দায় থেকেও কেউ মুক্ত থাকতে পারে না।
তিনি বলেন, এই বিচার শুধু বাংলাদেশের বিচার নয়, আন্তর্জাতিক আইনের অধীনে সংঘটিত অপরাধের বিচার। এটি নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের ন্যায়বিচারের দাবি এবং সমগ্র মানবতার পক্ষে জবাবদিহি প্রতিষ্ঠার লড়াই।
যুক্তিতর্কের শেষ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল আন্তর্জাতিক আইনের ব্যাপ্তি, অপরাধ প্রমাণের মানদণ্ড, দেশীয় আইনে আদালতের নিরপেক্ষতা, বিচারপ্রক্রিয়ার মান ও গ্রহণযোগ্যতা নিয়ে ট্রাইব্যুনালের সামনে বিস্তারিত বক্তব্য উপস্থাপনের কথা জানান। এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালের দেওয়া আগের রায়ের কথাও উল্লেখ করেন।
আ. দৈ./ একে




















