আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) কয়েকজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এ রিট দায়ের করেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং এখনো শরীরে গুলি বহন করা আটজন। জনস্বার্থ ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদ অনুযায়ী রিটটি করা হয়েছে।
রিটে জাতীয় সংসদে আইন পাস অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি দলটির সম্পদ বাজেয়াপ্ত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আবেদন করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক হওয়ায় স্থায়ী ব্যবস্থা প্রয়োজন বলে রিটে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে আবেদনে দাবি করা হয়।
রিটে অভিযোগ করা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১০ নভেম্বর থেকে আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা দেশজুড়ে অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং বিভিন্ন স্থাপনায় হামলায় জড়িত। আবেদনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও বিজিবির গাড়িতে অগ্নিসংযোগ, নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় রাজনৈতিক নেতাদের হত্যাসহ বিভিন্ন ঘটনার উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জে একটি হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ, সংসদ সদস্যের বাসভবনে হামলা, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগের চেষ্টা এবং চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও আবেদনে তুলে ধরা হয়েছে।
রিটে আরও অভিযোগ করা হয়েছে, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতারা অডিও বার্তা, টেলিফোন ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে দলটির পক্ষে প্রচার চালানোর অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।
আবেদনে আওয়ামী লীগের সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অনলাইন থেকে অপসারণ বা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে দলটির কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও মদদদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে। প্রস্তাবিত তদন্তের আওতায় ১৯৭২ থেকে ১৯৭৫ সালের রক্ষীবাহিনীর কর্মকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর অভিযান, গুম-খুন, আয়নাঘর, অর্থ পাচার এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর সংঘটিত সহিংসতার অভিযোগ অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
এ ছাড়া দেশ-বিদেশে আওয়ামী লীগের অর্থের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠান শনাক্ত করে তহবিল জব্দের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে ৩০ দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দেওয়ার আবেদন করা হয়েছে।
আন্তর্জাতিক পর্যায়েও পদক্ষেপ চেয়েছেন রিটকারী। যুক্তরাষ্ট্রের আইনে আওয়ামী লীগকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ হিসেবে তালিকাভুক্ত করতে মার্কিন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুরোধ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আলোকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে দেশটির সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের নির্দেশনা চাওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতেও কূটনৈতিক পদক্ষেপের আবেদন করা হয়েছে।
রিটে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন ও বিচার, মন্ত্রিপরিষদ, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছে।
আ.দৈ/আরএস




















