নারায়ণগঞ্জে কয়লার ব্যবসা, ৬ কোটি টাকার লোভে সাত খুন: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ২০১৪ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে কয়লার ব্যবসা, ছয় কোটি টাকার লেনদেন এবং প্লট-ফ্ল্যাটের বিনিময়ে ওই এলাকায় বহুল আলোচিত সাত খুনের ঘটনা সংঘটিত হয়েছিল। আদালতে তাকে সহযোগিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।
আজ বুধবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দেশের বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি হয়েছে। পরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এসব তথ্য জানান।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের নেপথ্যে কী ঘটনা ছিল, কেন এবং কী কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এমন নৃশংস হত্যাকাণ্ডে জড়িয়েছিলেন—তা অনুসন্ধান করতে গিয়ে কয়লার ব্যবসা, ছয় কোটি টাকার লেনদেন এবং প্লট-ফ্ল্যাটের বিনিময়ের বিষয়গুলো সামনে এসেছে। তাদের বক্তব্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পেছনের স্বার্থ ও লেনদেনের বিষয়গুলো মামলার গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এমন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিয়েও বড় প্রশ্ন তোলে।
নিহত সাতজন হলেন—নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং চন্দনের গাড়িচালক ইব্রাহিম।
দুটি হত্যা মামলার বিচার শেষে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মুহাম্মদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। অপর নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
পরে হাইকোর্ট ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অপর নয়জনের দণ্ডও বহাল থাকে। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা আপিল বিভাগে আবেদন করেন।
আজ বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে এসব আপিলের শুনানি শুরু হয়েছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলা বিচারিক প্রক্রিয়ার পর সর্বোচ্চ আদালতে মামলাটির শুনানি শুরু হওয়ায় নিহতদের স্বজনদের মধ্যে চূড়ান্ত বিচার পাওয়ার প্রত্যাশা নতুন করে সামনে এসেছে।
সাত খুনের ঘটনায় শুধু সাতটি প্রাণই ঝরে যায়নি; শীতলক্ষ্যার পানিতে ভেসে ওঠা মরদেহগুলো দেশবাসীকে স্তম্ভিত করেছিল। রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এমন হত্যাকাণ্ডের অভিযোগ এবং এর পেছনে অর্থ ও সম্পদের লেনদেনের বিষয়টি আবারও সামনে আসায় মামলাটির নেপথ্যের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
আ. দৈ./ একে




















