টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক ইরফান খান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পুলিশি পাহারায় সুইডেন আসলামকে আদালতে হাজির করা হয়। দুই মিনিট পর বিচারক এজলাসে উঠলে রিমান্ড আবেদনের ওপর শুনানি শুরু হয়।
শুনানিতে তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে আসামির সাত দিনের রিমান্ড প্রয়োজন বলে যুক্তি তুলে ধরেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিলের দাবি জানান। একই সঙ্গে তদন্তের স্বার্থে আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার আবেদন করেন তারা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন, হারুন অর রশিদসহ অন্য আইনজীবীরাও রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, বিদেশে যাওয়ার চেষ্টা করার সময় বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়। পরে খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়।
আ.দৈ/আরএস




















