সাবেক সেনা কর্মকর্তা মাসুদ-মোজাফফরের মানবতা অপরাধ
ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল ২৪ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালে রাজধানী ঢাকাসহ সারাদেশে জুলাই-আগস্টে ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলার আসামি বর্তমানে কারাবন্দি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও মেজর (অব.) মোজাফফর হোসেন। তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে আগামী ২৪ জানুয়ারি দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ সোমবার (২৩ নভেম্বর) রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিলে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ অলি মিয়া। তিনি মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত শেষ করতে আরও সময়ের আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল নতুন দিন ধার্য করেন।
অভিযোগ রয়েছে, এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। এরই মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা।
প্রসিকিউশনের দাবি, এক-এগারোর সরকারের সময় মাসুদ উদ্দিন বা আরও কয়েকজনকে ‘ডিফ্যাক্টো গভর্মেন্ট’ (কার্যত সরকার) বলা হতো। পুরো সরকারটাই তারা চালাতেন। এ কারণে সে সময়ে যেসব অমানবিক ঘটনা ঘটেছে, মানবতাবিরোধী যেসব অপরাধের ঘটনা ঘটেছে, এগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন মাসুদ উদ্দিন। প্রসিকিউশন সূত্রমতে, এক-এগারোসহ ফ্যাসিস্ট শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সঙ্গে সাবেক এই সেনা কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে। জুলাই-আগস্ট আন্দোলন দমনেও তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের সময় মাসুদ উদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের প্রধান (জিওসি) ছিলেন। একই বছর তিনি মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। বাংলাদেশের এ রাজনৈতিক সংকটে মাসুদ উদ্দিনকে অন্যতম একজন সংগঠক হিসেবে বিভিন্ন মাধ্যমে উল্লেখ করা হয়েছে।
জাতীয় পার্টির মনোনয়নে তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে একই আসন থেকে সদস্য নির্বাচিত হন।
এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি ও গত ৪৫ বছর ধরে পলাতক মেজর (অব.) মোজাফফর হোসেনকে গত ১৫ জুলাই রাতে ঢাকার বনানীর একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ জুলাই মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় গ্রেফতার দেখায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের আদেশ অনুযায়ী আসামি সেনা হেফাজতে রয়েছেন।
প্রসিকিউশনের দাবি, জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের পেছনে আওয়ামী লীগ সরকারের প্রশ্রয় ছিল। মোজাফফর দীর্ঘদিন পলাতক ছিলেন। প্রয়াত রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও তিনি এক দেশ থেকে আরেক দেশে অবাধে যাতায়াত করেন। বাংলাদেশেও নির্বিঘ্নে চলাফেরা করেন। এ দেশের টেলিফোনের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। থাকতেন অভিজাত এলাকায়। সরকারের প্রশ্রয় বা সংশ্লিষ্টতা না থাকলে এসব ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ও সম্পর্ক সম্ভব হতো না উল্লেখ করে প্রসিকিউশন সূত্রের দাবি, এর মধ্য দিয়েই মানবতাবিরোধী অপরাধে অংশ নেন মোজাফফর হোসেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে মোজাফফরের সংশ্লিষ্টতা উঠে এসেছে। জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত হত্যাকাণ্ডের সময় মাসুদ উদ্দিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। মানবতাবিরোধী অপরাধে মাসুদ উদ্দিনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আওয়ামী লীগের শাসনামলে সারাদেশে যখন মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, তখনও মোজাফফর ও মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যকার যোগসাজশ পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধ ছাড়াও এক-এগারোর সঙ্গে মোজাফফরের সংশ্লিষ্টতা আছে।
আ. দৈ./একে




















