মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
মাথায় গুলরি আগে বালিশ চাপার পর সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলা হতো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ০)
X

বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক লোমহর্ষক ঘটনার করুন চিত্র উঠে এসছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে টার্গেটকৃত লোকজনকে ধরে নিয়ে মাথায় গুলি করার আগে বালিশ চেপে ধরা হতো। এরপর পেট কেটে নাড়িভুঁড়ি বের করা হতো। সিমেন্টর বস্তা মরদেহের গলা ও পায়ের সঙ্গে বেঁধে পানিতে ডুবিয়ে দেওয়া হতো। যাতে লাশ ভেসে উঠতে না পারে। হত্যার আলামত গোপন করার জন্যই এই উদ্যোগ নেওয়া হতো।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বেলা সোয়া ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি আরো উল্লেখ করেন, আবার কখনো একজন গুলি চালাতেন, আরেকজন কাটতেন পেট। এভাবেই নদীর বুকে ভাসিয়ে দেওয়া হতো একের পর এক মানুষের নিথর দেহ।

চিহ্নিত অপরাধী জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিন আদালতে উঠে এসেছে এমনই ভয়াবহ ও শিউরে ওঠার মতো হত্যাকাণ্ডের বিবরণ। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে তুলে ধরা সাক্ষীদের জবানবন্দিতে প্রকাশ পেয়েছে, কীভাবে পরিকল্পিতভাবে মানুষ হত্যা করে মরদেহ গুম করার অভিযোগ রয়েছে। এসব বর্ণনা দিতে গিয়ে খোদ চিফ প্রসিকিউটরও জানিয়েছেন, তার গা শিউরে উঠছে।

আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

যুক্তিতর্কের শুরুতে মামলার ঘটনাপ্রবাহ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পরে জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য এবং মামলার ১৩তম সাক্ষী অবসরপ্রাপ্ত মেজর সাব্বির রহমান ওসমানীর জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে পড়ে শোনান তিনি।

হত্যার পদ্ধতি তুলে ধরে আমিনুল ইসলাম জানান, গুলি করার সময় শরীরে রক্তের ছিটা এড়াতে মাথায় বালিশ চেপে ধরা হতো বলে সাক্ষ্যে উল্লেখ রয়েছে। নৌকায় নিয়ে হত্যার পর মরদেহের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দেওয়ার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় একজন গুলি চালাতেন, অন্যজন পেট কাটতেন।

এ সময় চিফ প্রসিকিউটর বলেন, ‘এসব বর্ণনা দিতে গেলে আমার গা শিউরে ওঠে। কতটা নৃশংসতা ছিল এসব। এদের কি মানুষ বলা যায়? এরা দানব, হিংস্র। জিয়াউল আহসান কতটা হিংস্র ছিলেন, এসব বর্ণনা থেকে তা ধারণা করা যাবে।’

মামলার ১৩তম সাক্ষী অবসরপ্রাপ্ত মেজর সাব্বির রহমান ওসমানী গত ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। র‍্যাবে দায়িত্ব পালনকালে ২০১০ সালের মে থেকে ২০১২ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় সংঘটিত কয়েকটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেন তিনি। এসব ঘটনায় তৎকালীন র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনা ও নেতৃত্বের অভিযোগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।

জবানবন্দিতে সাব্বির রহমান জানান, ২০১০ সালের জানুয়ারির দিকে এক রাতে সরকারি গাড়ি ও একটি মাইক্রোবাস নিয়ে বরিশাল ব্যাটালিয়ন সদরে যান জিয়াউল আহসান। পরে তাকে সঙ্গে নিয়ে পাথরঘাটার চরদুয়ানী ঘাটে পৌঁছান। সেখানে র‍্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা আগে থেকেই একটি ট্রলার প্রস্তুত রেখেছিলেন।

ঢাকা থেকে আসা গোয়েন্দা শাখার সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে ট্রলারে ওঠেন। তাদের সঙ্গে হাত বাঁধা ও মাথায় কালো টুপি পরানো এক ব্যক্তিকেও ট্রলারের ভেতরে রাখা হয়।

সাক্ষীর বর্ণনা অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশে ট্রলারটি চরদুয়ানী খাল থেকে মোহনার দিকে রওনা হয়। প্রায় তিন ঘণ্টা চলার পর হাত বাঁধা ব্যক্তিকে ট্রলারের ভেতর থেকে বের করে আনা হয়। পরে র‍্যাবের চার সদস্য তার গলা ও পায়ের কাছে সিমেন্টভর্তি দুটি বস্তা বেঁধে দেন।
এরপর মাথা ও কান বরাবর বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে গুলি করা হয়। গুলির পর তার পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দেওয়া হয়। পেট ঠিকমতো কাটা হয়েছে কি না, তা আরেকজন পরীক্ষা করতেন বলেও জবানবন্দিতে উল্লেখ করেন সাব্বির।

তিনি জানান, একজন র‍্যাব সদস্য নিজের হাত দিয়ে মরদেহের পেট কাটার বিষয়টি পরীক্ষা করতেন। এরপর নদীর জোয়ার-ভাটা ও পানির গভীরতা বিবেচনা করে ট্রলারের গতি কমানোর নির্দেশ দেওয়া হতো। পরে গোয়েন্দা শাখার চার সদস্যকে সিমেন্টের বস্তাসহ মরদেহ পানিতে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হতো বলে সাক্ষ্যে উল্লেখ করেন তিনি।

হত্যাকাণ্ডের পর চরদুয়ানী থেকে জিপ ও মাইক্রোবাসে বরিশালের উদ্দেশে রওনা হন তারা। পথে পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রসঙ্গে জিয়াউল আহসান বলেছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন সাব্বির। তার ভাষ্য অনুযায়ী, জিয়াউল বলেছিলেন, ‘এরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এদের না থাকাই ভালো। এভাবেই এদেরকে গলফ করতে হবে।’

২০১০ সালের মে মাসের দিকে একই ধরনের আরেকটি ঘটনার বিবরণও আদালতে তুলে ধরেন সাব্বির রহমান। ওই ঘটনায় চারজনকে হত্যার অভিযোগের কথা জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, ঘটনার দুই থেকে তিন মাস পর গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন, পেট কাটা অবস্থায় পাওয়া একটি মরদেহের ডিএনএ পরীক্ষা করে সেটিকে সাবেক বিজিবি সদস্য নজরুল ইসলামের মরদেহ হিসেবে শনাক্ত করা হয়েছিল।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রলারের মাঝি আলকাছের প্রসঙ্গও উঠে আসে সাব্বিরের জবানবন্দিতে। তিনি জানান, ২০১১ সালের জুনে তাকে ফোন করে জিয়াউল আহসান বলেন, আলকাছ মাঝি কথিত ‘গলফ অপারেশন’ সম্পর্কে চরদুয়ানী বাজারে বিভিন্ন তথ্য প্রকাশ করছেন। এতে র‍্যাবের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানান তিনি।

এরপর আলকাছ মাঝিকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দেওয়া হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন সাব্বির।
শুধু পাথরঘাটা নয়, সুন্দরবন এলাকাতেও একই ধরনের অভিযান পরিচালনার অভিযোগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা। তার বক্তব্য অনুযায়ী, জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় সুন্দরবনকেন্দ্রিক তিনটি কথিত ‘এনকাউন্টার’ অভিযানের ঘটনা তিনি প্রত্যক্ষ করেন।

সাব্বির রহমান জানান, এসব ঘটনার পর মানসিক যন্ত্রণার কোনো প্রতিকার না পেয়ে তিনি স্বেচ্ছায় অবসরের আবেদন করেন। চাকরির ১৮ বছর পূর্ণ হওয়ার পর র‍্যাব থেকে নিজ বাহিনীতে ফিরে যান বলেও ট্রাইব্যুনালকে জানান তিনি।

এদিকে মামলার প্রথম দিনের যুক্তিতর্ক চলাকালে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম এবং শহীদ পরিবারের সদস্যরা।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝