আপনি আমাকে কালো, খাটো বলছেন, কষ্ট পেয়েছি স্যার’—এএসপিকে রায়হান
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজকে হোয়াটসঅ্যাপে ফোন করেছেন তিনি। প্রায় ১০ মিনিটের কথোপকথনে রায়হানকে আত্মসমর্পণের আহ্বান জানান পুলিশ কর্মকর্তা। তবে রায়হান দাবি করেন, পুলিশের গাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে চলে গেলেও তাঁকে চিনতে পারেনি পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে ৯ মিনিট ৫২ সেকেন্ডের ওই কথোপকথনের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন রায়হান। ভিডিওতে তাঁকে পুলিশ কর্মকর্তার সঙ্গে স্বাভাবিক ও হাস্যরসাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা যায়।
কথোপকথনে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বারবার রায়হানকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার পরামর্শ দেন। আত্মসমর্পণ করলে নিরাপত্তার আশ্বাসও দেন তিনি।
জবাবে রায়হান বলেন, ‘আমি বিষয়টি নিয়ে চিন্তা করে দেখব। আর আপনি আজকে আমাকে আর পাচ্ছেন কোথায়? আমি তো হাওয়া হয়ে গেছি। আমি আপনারে দেখলাম তো। আপনার গাড়ি আমার পাশ দিয়ে যাচ্ছিল। আমি তখন সাইকেল চালিয়ে চলে গেছি। আপনি আমারে চিনেন নাই।’
তিনি আরও দাবি করেন, ফটিকছড়ি এলাকা ছেড়ে চলে গেছেন। পুলিশকে তাঁর পেছনে কষ্ট না করার পরামর্শ দিয়ে বলেন, আত্মসমর্পণ করা এখন সম্ভব নয়।
কথোপকথনের একপর্যায়ে নিজের চেহারা নিয়ে পুলিশ কর্মকর্তার আগের মন্তব্যের প্রসঙ্গ তুলে রসিকতা করেন রায়হান। তিনি বলেন, ‘স্যার, আপনি আমাকে বাটি, কালো, খাটো বলছেন, এটা নিয়ে মনে কষ্ট পাইলাম স্যার।’ পরে ক্রিম মেখে সুন্দর হয়ে গেছেন বলেও হাস্যরস করেন তিনি।
ফটিকছড়িতে ব্রাশফায়ারের ঘটনা নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন রায়হান। তাঁর দাবি, ঘটনার দিন মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে গাছ ফেলে রাখা দেখতে পান। সেখানে কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।
রায়হান আরও বলেন, একপর্যায়ে আত্মসমর্পণের ইচ্ছা হয়েছিল এবং এ বিষয়ে মাসুদ নামের এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথাও বলেছিলেন। কিন্তু সেই খবর ফাঁস হয়ে যাওয়ার পর তাঁর অস্ত্রশস্ত্র নিয়ে নেওয়া হয় এবং নানা জটিলতা তৈরি হয়। ভবিষ্যতে আত্মসমর্পণ করবেন বলেও জানান তিনি।
পলাতক জীবনকে কষ্টকর উল্লেখ করে রায়হান বলেন, আগামী ১০ বছর তাঁকে কেউ বের হতে দেবে না। বিএনপি ক্ষমতায় এলে বিএনপি এবং আওয়ামী লীগ ক্ষমতায় এলে আওয়ামী লীগ মামলা দেবে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ তাঁকে বোঝানোর চেষ্টা করে বলেন, ‘এই জীবনটা কোনো জীবন না। আত্মসমর্পণ করেন, ভালো থাকতে পারবেন।’
জানা গেছে, রায়হানের সঙ্গে পুলিশ কর্মকর্তার কথোপকথনের সময়ও তাঁকে ধরতে ফটিকছড়িতে অভিযান চলছিল।
এর আগে গত সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে শফি মেম্বারের কার্যালয়ের সামনে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটে। এতে পথচারী, ব্যবসায়ী ও অটোরিকশাচালকসহ ছয়জন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য, পশ্চিম সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় বোরকা ও মুখোশ পরা চার থেকে পাঁচজন অস্ত্রধারী বাজারের মোড়ে আসেন। সেখানে পৌঁছেই তাঁরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। আহত ব্যক্তিরা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশের দাবি, ওই অটোরিকশায় রায়হানও ছিলেন। ঘটনার পর তাঁকে ধরতে এলাকায় অভিযান শুরু হলেও রাতভর চেষ্টা চালিয়ে তাঁকে বা তাঁর সহযোগীদের আটক করা সম্ভব হয়নি।
ওই দিন রাত ১১টার দিকে চুঁরখারহাট বাজারে গিয়ে হ্যান্ডমাইকে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে রায়হানকে জীবিত ধরতে স্থানীয়দের সহযোগিতা চেয়ে ঘোষণা দিতে বলা হয়।
উল্লেখ্য, চট্টগ্রামে আট খুনের ঘটনায় আলোচিত এবং বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী হিসেবে পরিচিত রায়হান আলম। ২০২৪ সালের আগস্টের পর চট্টগ্রাম নগরী ও রাউজানে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনায় সাজ্জাদ বাহিনীর কয়েকজন সদস্যের নাম আলোচনায় আসে। তাঁদের মধ্যে রায়হান, ছোট সাজ্জাদ, ইমন, মোবারক ও মোহাম্মদের নাম রয়েছে।




















