বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
নারীকে বাসায় ডেকে নেওয়ার অডিও ফাঁস, ওসির দাবি ‘গ্রেপ্তারের কৌশল’
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম   (ভিজিট : ০)
X

‘ওসি ঠিক তো সব ঠিক’—এমন কথা বলে এক নারীকে নিজের বাসায় আসতে বলার অভিযোগ উঠেছে ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ফোনালাপের অডিওতে ওই নারীকে বাসায় আসার পথ, যানবাহন ও ভাড়ার বিষয়ে নির্দেশনা দিতে শোনা যায় ওসিকে। এমনকি তিনি পৌঁছালে গাড়িভাড়া পরিশোধের কথাও বলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অডিও দুটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ফোনালাপের অপর প্রান্তে থাকা নারী দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনি। একটি কথোপকথন ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অন্যটি ৬ মিনিট ২০ সেকেন্ডের।

প্রথম ফোনালাপে সনিকে নিজের বাসায় আসার জন্য বারবার বলতে শোনা যায় ওসিকে। কীভাবে তাঁর বাসায় যেতে হবে, কোথায় গাড়ি বদলাতে হবে এবং ভাড়া কত হতে পারে, তা-ও বুঝিয়ে দেন তিনি। একপর্যায়ে ওসি বলেন, ‘ওসি ঠিক সব ঠিক।’ সনি পৌঁছালে গাড়িভাড়া পরিশোধের আশ্বাসও দেন তিনি।

দ্বিতীয় ফোনালাপে টাকা লেনদেন, মামলা এবং তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তিকে নিয়ে কথা হয়। সনি অভিযোগ করেন, একটি মামলায় জামিনের জন্য তিনি থানায় দুই লাখ টাকা দিয়েছেন। এরপরও তুহিন তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন। পারভেজ নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলেও দাবি করেন তিনি।

কথোপকথনে ওসিকে সনির সঙ্গে আবার দেখা করে কথা বলার আগ্রহ প্রকাশ করতে শোনা যায়। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থ ও টাকাপয়সার বিষয় বাদ দিয়ে যোগাযোগ রাখতে পারলে তাঁর সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে পারেন সনি। অন্যথায় দুজনেরই ক্ষতি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় সনি তাঁর বিরুদ্ধে মামলা, টাকা হারানো এবং পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ তুলে ধরেন। সন্তানদের অসুস্থতার কথাও জানান তিনি।

এর আগে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর তাঁদের কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিওবার্তায় সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানাহাজতে ওসি তাঁর শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার কথা বলেছেন। এসব ঘটনার বিচারও দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, কল রেকর্ডের কথোপকথন তাঁরই। তবে ওই নারীকে গ্রেপ্তারের ক্ষেত্রে ভিন্ন কৌশল অবলম্বনের জন্য এসব কথা বলা হয়েছে। তাঁর দাবি, পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছেন। টাকা লেনদেনসহ তাঁর বিরুদ্ধে আনা অন্য অভিযোগও সত্য নয়।

ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, কল রেকর্ডগুলো তাঁদের নজরে এসেছে। সেগুলো যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। এ ধরনের ঘটনায় ওসির সম্পৃক্ততা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত আগস্টে মামলা নিতে অস্বীকার করার অভিযোগে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হলেও তিনি স্বপদে বহাল থাকেন।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝