বুড়িগঙ্গা রক্ষায় প্রকল্পের নামে আর অর্থ ব্যয় নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গা নদী দূষণের ফাইল ছবি
রাজধানীর প্রাণপ্রবাহ বুড়িগঙ্গা নদীকে দূষণ ও দখলমুক্ত করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বুড়িগঙ্গা মঞ্চ। সংগঠনটির অভিযোগ, বছরের পর বছর ধরে নদী রক্ষার নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও কার্যত নদীর পানি, পরিবেশ, জীববৈচিত্র্য কিংবা নান্দনিকতায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তাই সরকার ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে ‘রক্ষায় প্রণোদনা, দূষণে শাস্তি’ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বুড়িগঙ্গা মঞ্চের আহ্বায়ক রাশেদ আলী এবং যুগ্ম সদস্য সচিব মোঃ ইউনূছ আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১০ সালে প্রায় ১ হাজার ১২৫ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে বুড়িগঙ্গায় পানি আনার একটি প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু কাঙ্ক্ষিত পানিপ্রবাহ এখনো নিশ্চিত হয়নি। ফলে শুষ্ক মৌসুমে নদীর পানি কালো ও দুর্গন্ধময় হয়ে পড়ে।
অন্যদিকে, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। নদীর তলদেশ থেকে পলিথিন ও আবর্জনা অপসারণে ২০১১ সালে ১৭ কোটি এবং ২০২৫ সালে প্রায় সাড়ে ৬ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। এ ছাড়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, সীমানা পিলার স্থাপন ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। কিন্তু এতসব উদ্যোগের পরও নদীর সামগ্রিক পরিবেশগত অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে দাবি সংগঠনটির।
বিবৃতিতে আরও বলা হয়, নদী রক্ষায় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ আদেশ ও নির্দেশনা থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে সেগুলো বাস্তবায়নে সমন্বয়হীনতা ও আন্তরিকতার ঘাটতি রয়েছে। ফলে নদীতে বর্জ্য ফেলা, নদীর তীর ভরাট ও অবৈধ দখল বন্ধ হচ্ছে না। এ পরিস্থিতি শুধু বুড়িগঙ্গার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে না, বরং জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, নগরবাসীর জীবনমান এবং ভবিষ্যৎ প্রজন্মের পরিবেশগত অধিকারকেও ঝুঁকির মধ্যে ফেলছে।
সম্প্রতি কয়েকটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত বুড়িগঙ্গার প্লাস্টিক দূষণের চিত্র নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। বিবৃতিতে অভিযোগ করা হয়, নদীর তীরবর্তী কিছু এলাকায় প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসা, রিকশা-ভ্যানের গ্যারেজ, টংদোকান ও মাদকসেবনের আস্তানা গড়ে উঠেছে। এসব অবৈধ কর্মকাণ্ডের পেছনে কিছু অসাধু ব্যবসায়ী ও সরকারি কর্মচারীর যোগসাজশ রয়েছে বলেও সংগঠনটি দাবি করেছে।
বুড়িগঙ্গা মঞ্চ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। সংগঠনটি মনে করে, বুড়িগঙ্গাসহ দেশের নদ-নদী রক্ষায় বিজ্ঞানভিত্তিক, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নদীতীরবর্তী জনগোষ্ঠী, পরিবেশকর্মী এবং সংশ্লিষ্ট নাগরিকদের সম্পৃক্ত করা প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, নদী রক্ষা কেবল সরকারের একক দায়িত্ব নয়; এটি নাগরিকদেরও সম্মিলিত কর্তব্য। সরকার ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে কার্যকর ও টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ করা হলে বুড়িগঙ্গাসহ দেশের সব নদ-নদীর স্বাভাবিক পরিবেশ ও প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করে সংগঠনটি।
আ. দৈ./ একে




















