এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে আগুন লাগানো হয়েছে, নাকি বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত—তা নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। টিনশেড আধাপাকা বাড়িটিতে কেউ বসবাস করেন না। বাড়িটি থেকে প্রায় ২০ মিটার দূরে তার বাবা-মা তিনতলা একটি বাড়িতে থাকেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িটিতে দুটি ছাগলসহ কিছু জিনিসপত্র ছিল। আগুনে ছাগল দুটি মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। সকালে তিনি নিজে কথা বলে পুলিশ সুপারকেও সেখানে পাঠিয়েছেন। সীমান্তের কাছাকাছি হওয়ায় বিজিবির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
এর আগে, অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর শুরু করার সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় তিনি অভিযোগ করেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। এতে বাড়ির গবাদিপশু মারা গেছে।
সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, গত রাত থেকে অনেকের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। আজ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তব্য করেছেন, সেখানে পেট্রোল বোমার কোনও আলামত পাওয়া যায়নি। অথচ তিনি নিজে পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। দুপুর পর্যন্ত সেখানে কোনও ফরেনসিক দল যায়নি। কোনও ফরেনসিক তদন্ত ছাড়াই ওসি কিভাবে বলতে পারেন, সেখানে বোমা মারা হয়নি—তা তার জানা নেই।
আ দৈ/ এস এন




















