সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার উপযুক্ত সময় এখনই: স্পিকার
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই পিছিয়ে নেই; বরং নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমিটি গঠনের পর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।
দেশের বর্তমান পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের দায়ী করে স্পিকার বলেন, বিগত তিনটি নির্বাচন ছিল ‘প্রহসনের নির্বাচন’। তবে এবারের জাতীয় নির্বাচনকে তিনি দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে উল্লেখ করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, যারা রাজনীতি করেন না, তাঁদের পক্ষে দেশ কীভাবে ও কেন পরিচালিত হয়, তা বোঝা কঠিন। দেশের বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদরাই সবচেয়ে বেশি দায়ী। তাঁরা নিজেদের শুধরে নিলে পুরো দেশ বদলে যাবে।
তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতিবিদরা দলের রাজনীতি করে কীভাবে নিজেরা সুবিধা নেব, তা নিয়েই ব্যস্ত থাকি। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর কথা আমাদের আর মাথায় থাকে না।’
আ.দৈ/আরএস




















