চার বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি এলএনজি কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক

দেশের জ্বালানি চাহিদা মেটাতে চারটি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া ২০২৭ সালের পবিত্র রমজান মাসের জন্য ছয় হাজার ২০০ টন খেজুর কেনার দরপত্র জমা দেওয়ার সময়সীমা কমানো ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক কভারেজ স্থাপনের নীতিগত প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮ ধারা ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুযায়ী জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের (জেরাজিএম) কাছ থেকে সরাসরি এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।
এ প্রস্তাবে পেট্রোবাংলা ও জেরাজিএমের মধ্যে স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তির (এসপিএ) চূড়ান্ত কাঠামো ও টার্ম শিটে স্বাক্ষরের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। একই আইন ও বিধিমালার আওতায় সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেডের কাছ থেকে সরাসরি এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশও করেছে কমিটি।
এছাড়া ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড ও উজ্জি জেমস বীহাইভের কাছ থেকেও সরাসরি এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এলএনজি কেনার এ তিনটি প্রস্তাব সভায় উপস্থাপন করে। অন্য এক সিদ্ধান্তে ২০২৭ সালের রমজান মাসের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ছয় হাজার ২০০ মেট্রিক টন খেজুর কেনার দরপত্র প্রণয়ন ও জমা দেওয়ার সময় কমানোর প্রস্তাব নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে কমিটি।
রাষ্ট্রের জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধির আওতায় বাণিজ্য মন্ত্রণালয় এ প্রস্তাব উপস্থাপন করে। এছাড়া ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে মোবাইল নেটওয়ার্ক কভারেজ স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ প্রস্তাব উপস্থাপন করে।
আ.দৈ/এসআর




















