জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান
ডিএনসিসির ভাবমূর্তি ও স্বচ্ছতা রক্ষায় সবাইকে আইন মেনে চলতে হবে: প্রশাসক
নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, শ্রমিক ও কর্মচারীদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। তিনি সকলকে নিজস্ব নিয়ম ও সীমার মধ্যে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন । প্রশাসক ডিএনসিসির কর্মচারীদের অভ্যন্তরীণ তথ্য ফাঁস ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সতর্ক করে বলেন, "অফিসের গোপনীয় তথ্য ও আদেশ বাইরে পাঠাবার মতো অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না। এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত চলছে এবং সত্যতা নিশ্চিত হলে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ভারপ্রাপ্ত সভাপতি কাজী আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ডিএনসিসির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সধারণ সম্পাদক মো.ফরহাদ হোসেন বুলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনাঃ সৈয়দ রাকিবুল হাসান.পি.এস.সি,প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী,প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা (যুগ্মসচিব) ও মহাব্যবস্থাপক (পরিবহন) মোহাম্মদ শওকত ওসমান, প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) মুহাম্মদ হাবিবুল আলম, ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান, ডিএনসিসির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) একমাত্র উপদেষ্টা ও অত্যন্ত জনপ্রিয় কর্মচারী নেতা মো. সিদ্দিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি হারুন অর রশীদ প্রারমানিক ও সহসভাপতি মো. জাকির প্রমুখ নেতৃবৃন্দ।

প্রশাসক আরো বলেন, নগরবাসীর সেবা নিশ্চিত করা এবং সিটি করপোরেশনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে। আইন ও বিধিমালার পরিপন্থী কোনো কাজ সহ্য করা হবে না। তিনি বলেন, " ঢাকা উত্তর সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে নগরবাসীর সেবা প্রদানই আমাদের প্রধান কাজ। দীর্ঘদিন ধরে মানুষ বিভিন্ন সেবা নিতে এসে যে অনীহা বা অস্বস্তির মুখোমুখি হতো, তা দূর করে আমরা একটি স্বচ্ছ ও জবাদহিমূল শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছি।"
প্রশাসক ঠিকাদারদের কাজের গুণগত মান এবং সরকারি বিধি অনুসরণের বিষয়ে বলেন, "যাদের ক্ষেত্রে যৌক্তিক এবং বিধিসম্মত বিষয় থাকবে, তাদের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অসৎ ও মানহীন ঠিকাদারদের জন্য করপোরেশনের দরজা বন্ধ থাকবে। বেআইনি কোনো দাবির সুযোগ নেই।"
রাজনীতি ও জাতীয় প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক ধারা বজায় রেখে দেশে সুস্থ ও ইতিবাচক রাজনীতির চর্চা হওয়া প্রয়োজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ স্মরণ করে তিনি বলেন, "আমরা যা বলব, তা বাস্তবে রূপায়ণ করাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। মুখে নীতি কথা বলে কাজে ভিন্নতা রাখলে আদর্শ বাস্তবায়ন হয় না।"
আলোচনা সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জোনের প্রতিনিধি এবং জাতীয়তাবাদী শ্রমিক দল ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম




















