প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তাঁর কোনো পরিকল্পনা নেই।’
আইনজীবী হাবিবুর রহমানের দাবি, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এমন বক্তব্য দেওয়া একজন সম্মানিত ব্যক্তির চরিত্র হননের শামিল। নোটিশে বক্তব্যটিকে অগ্রহণযোগ্য, কাল্পনিক ও রাজনৈতিক অপ্রজ্ঞার পরিচায়ক হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলামকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপের মতো দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান উল্লেখ করে নোটিশদাতা দাবি করেন, তারেক রহমান এমন কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন—এমন বিশ্বাস জাতির নেই।
নোটিশে ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
আ.দৈ/আরএস




















