সংবিধান ও প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ নেতৃত্ব দিয়ে পরিবর্তন সম্ভব নয়: মঞ্জু
নিজস্ব প্রতিবেদক

গণ-অভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও তরুণদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। তাঁরা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে রেখে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত ‘বছর পেরিয়ে জুলাই সনদ: গণ-অভ্যুত্থানের তরুণ অংশীজনদের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমান সংবিধান ও প্রতিশ্রুতি ভঙ্গকারী রাজনৈতিক নেতৃত্ব দিয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। নতুন করে রাষ্ট্র সংস্কারের সনদ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে চার কোটি মানুষের স্বাক্ষর নেওয়ার উদ্যোগ নিতে হবে। রাষ্ট্র সংস্কারে জনগণকেই প্রকৃত অংশীজন হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
অন্তর্বর্তী ও বর্তমান সরকারের সমালোচনা করে মঞ্জু বলেন, দুই সরকারের বিরুদ্ধেই অদক্ষতা ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। তাঁর মতে, গণ-অভ্যুত্থান কিংবা নির্বাচন—কোনোটির মাধ্যমেই দেশের সব সংকটের সমাধান হয়নি। বরং সংকট আরও ঘনীভূত হচ্ছে।
প্রধান অতিথি দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, জেন-জি ফ্যাসিবাদের প্রতীককে পরাজিত করলেও রাষ্ট্র সংস্কারের স্বপ্ন এখনো পূরণ হয়নি। জুলাই সনদ প্রণয়নের প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাজনৈতিক পরিপক্বতা থাকলে সনদ প্রণয়নের আগে নির্বাচন দেওয়া হতো না।
নির্বাচনের পর জুলাইয়ের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজনের সমালোচনা করে মাহমুদুর রহমান বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য প্রয়োজন। এ জন্য এবি পার্টিসহ বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি একটি জাতীয় কনভেনশন আয়োজনের প্রস্তাব দেন। তাঁর ভাষ্য, জুলাই বিপ্লব এক দিনের ঘটনা নয়; এটি চলমান প্রক্রিয়া।
বিশেষ অতিথি অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের পর তরুণদের রাষ্ট্র সংস্কার নিয়ে ভাবতে নিষেধ করার প্রবণতা দেখা যাচ্ছে। তরুণদের অবদানকে খাটো করে দেখার সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদ অমান্য করার সুযোগ নেই; এটি তাঁদের কাছে ‘রেড লাইন’।
দৈনিক ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম বলেন, জুলাইকে শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতেও ছড়িয়ে দিতে হবে। ফ্যাসিবাদ যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় তারুণ্যের জুলাই ফাউন্ডেশন, জুলাই ঐক্য, জুলাই রেভ্যুলেশন ওয়াচ, বৈষম্যবিরোধী কওমি, মঞ্চ ২৪সহ বিভিন্ন সংগঠনের নেতা, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এ সময় এবি পার্টির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















