এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা, স্ত্রী বলে অস্বীকার রনির
নিজস্ব প্রতিবেদক

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী হিসেবে পরিচিত ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পদে যুক্ত হচ্ছেন বলে জানিয়েছে দলটির মিডিয়া উইং। তবে ফারজানা আফরোজকে নিজের স্ত্রী বলে অস্বীকার করেছেন গোলাম মাওলা রনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কালবেলাকে ফারজানা আফরোজের এনসিপির নারী উইংয়ে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে দলটির মিডিয়া উইং। ফারজানা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।
এদিকে, ফারজানাকে নিজের স্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশের পর ফেসবুকে একটি পোস্ট দেন গোলাম মাওলা রনি। সেখানে তিনি দাবি করেন, ফারজানা তাঁর স্ত্রী নন; তিনি সাতকানিয়ার জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। এ ছাড়া চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ‘ঘি বাবুল’ ও যুক্তরাষ্ট্রপ্রবাসী ইলিয়াসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও উল্লেখ করেন রনি।
তবে এনসিপির এক নেতার দাবি, ফারজানা আফরোজ গোলাম মাওলা রনির দ্বিতীয় স্ত্রী। তাঁদের মধ্যে টানাপোড়েন থাকলেও এখনো বিবাহবিচ্ছেদ হয়নি। ফারজানাও নিজেকে রনির স্ত্রী বলে পরিচয় দিয়ে থাকেন।
উল্লেখ্য, গোলাম মাওলা রনির ফেসবুক পোস্টের পর সংবাদটি সম্পাদনা করা হয়েছে।
আ.দৈ/আরএস




















