পলাতক অপরাধীরা কীসের ভিত্তিতে এনআইডি-পাসপোর্ট পাবেন: রিজভী
নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের শীর্ষ ব্যক্তিদের আইনানুগ বিচারের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা কীসের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট পাওয়ার অধিকার রাখেন?
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার আমলে সাবেক আইনমন্ত্রীর বক্তব্যের উদাহরণ টেনে রিজভী বলেন, সে সময় ফেরারি আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যায় না বলে মন্তব্য করেছিলেন আইনমন্ত্রী। অথচ এখন গণ-অভ্যুত্থানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তি দেশে ফেরার জন্য এনআইডি ও পাসপোর্ট চাইছেন বলে তিনি দাবি করেন।
রিজভী বলেন, আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ ও ওয়াসিমসহ প্রায় ১ হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের বিচার হতে হবে। তাঁর ভাষায়, মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল এবং চিকিৎসার জন্য তিনি নিয়ম মেনেই বিদেশে গিয়েছিলেন। অন্যদিকে, গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান। তাই কোনো পলাতক অপরাধী আইনের শাসন এড়িয়ে এনআইডি বা পাসপোর্ট পেতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা দাবি করেন, দেশের জনগণ একতরফা বা মধ্যরাতের নির্বাচন চায় না। সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়েছে। সরকার সংবিধান অনুযায়ী আইনের প্রয়োগ নিশ্চিত করবে এবং আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে রিজভী বলেন, তরুণ বিজ্ঞানীদের মেধা ও উদ্ভাবন ভবিষ্যতে বিশ্বদরবারে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবে।
অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















