বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে হকার উচ্ছেদে সংঘাত নয়, সমন্বিত উদ্যোগ চান জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ০)
X

রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী ও নগরবাসীর স্বার্থ বিবেচনায় সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মিরপুর-১৩ থেকে ১০ নম্বর এলাকার হোপ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সিটি করপোরেশনের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত, কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যদের ওপর হামলা এবং সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটে বলে উল্লেখ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, মিরপুর-১০ এলাকা তাঁর নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত। জনগণের সুবিধা-অসুবিধার সঙ্গে সংশ্লিষ্ট এমন কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় সংসদ সদস্যকে সম্পৃক্ত করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো। এ ক্ষেত্রে সংঘাতের পরিবর্তে এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং সাধারণ মানুষের চলাচলও নির্বিঘ্ন থাকে।

ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে উচ্ছেদ অভিযান পরিচালনার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ভবিষ্যতে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগও তোলেন জামায়াত আমির। তাঁর দাবি, অসাধু ব্যক্তিরা দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা নিয়ে ব্যবসার সুযোগ করে দিচ্ছে। এর আর্থিক বোঝা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতা ও জনগণের ওপর পড়ে বলেও মন্তব্য করেন তিনি।

এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়ে স্থানীয় সংসদ সদস্যকে আগে অবহিত না করায় বিস্ময় প্রকাশ করে শফিকুর রহমান বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে আরও কার্যকর সমাধান বের করা সম্ভব ছিল। তিনি সবাইকে আপাতত শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, সমস্যার সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক উপায়ে।

এর আগে বুধবার মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে এসেছে।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝