এনসিপির ‘গণভিক্ষা’ কর্মসূচি নিয়ে ১০০ কোটি টাকার দাবি রাশেদের
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর কাছ থেকে নির্বাচনের সময় ১০০ কোটি টাকা নিয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর অভিযোগ, সেই অর্থ পরিশোধের জন্যই এনসিপি এখন ‘গণভিক্ষা’ কর্মসূচি চালু করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন রাশেদ খান। তিনি বলেন, জামায়াতের কাছ থেকে অর্থ নিয়ে জাতীয় নির্বাচন করার পর এখন এনসিপিকে সেই অর্থ পরিশোধে জামায়াতের পক্ষে কাজ করতে হচ্ছে।
স্থানীয় নির্বাচনে জামায়াত এনসিপিকে আর অর্থ দেবে না—এমন কথা শোনা যাচ্ছে বলেও দাবি করেন রাশেদ। পাশাপাশি স্থানীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি আবারও ওয়েবসাইটের মাধ্যমে গণভিক্ষা কর্মসূচিতে জোর দেবে বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খান আরও বলেন, এনসিপি এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে তাদের গণভিক্ষা তহবিলে তিনি এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দিচ্ছেন। পোস্টে তিনি এনসিপির নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থের উৎস এবং রাজনৈতিক অবস্থান নিয়েও নানা অভিযোগ ও মন্তব্য করেন। বিএনপির সঙ্গে এনসিপির সম্পর্ক এবং জামায়াতের সঙ্গে তাদের নির্বাচনী জোট নিয়েও সমালোচনা করেন তিনি।
এ ছাড়া এনসিপির নেতারা ক্ষমতার রাজনীতিতে দ্রুত পরিবর্তিত হয়েছেন এবং দলটি রাজনৈতিকভাবে স্বার্থসংশ্লিষ্ট অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খান। এসব বক্তব্যের বিষয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেননি তিনি।
আ.দৈ/আরএস




















