মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত-এনসিপির প্রশ্রয়ে আওয়ামী লীগের দোসররা মাঠে নামছে: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ০)
X

পতিত আওয়ামী লীগ সরকারের ‘দোসরদের’ জামায়াত ও এনসিপি আশকারা দিয়ে মাঠে সক্রিয় করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে ‘নরমালাইজ’ করার সুযোগ তৈরি করছে।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন রাশেদ খান। তিনি বলেন, ২০২৪ ও ২০২৫ সালে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে নীরব থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের আবার সক্রিয় হতে দেখা যাচ্ছে।

মাশরাফি বিন মুর্তজার প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, তিনি ২০২৪ ও ২০২৫ সালে শেখ হাসিনার জন্মদিনে কোনো শুভেচ্ছা পোস্ট করেননি। তবে ২০২৬ সালে এসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন। এ ঘটনাকে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের পুনরায় সক্রিয় হওয়ার উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

রাশেদ খানের অভিযোগ, বিরোধী দলের লংমার্চ এবং ডিসেম্বরে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারির সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাস-ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের মতো কর্মকাণ্ডে জড়াচ্ছে। এসব ঘটনায় জামায়াত-এনসিপির অবস্থান ও বক্তব্য তাদের উৎসাহিত করছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, প্রশাসনসহ বিভিন্ন জায়গায় আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগপন্থী ব্যক্তিরাও এখন সক্রিয় হয়ে উঠছেন। তাঁর ভাষ্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে পতিত আওয়ামী লীগের কর্মকাণ্ডকে স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মিরপুরের রাড্ডা ক্লিনিক ও নিউ গিনি প্রোপার্টিজে হামলার ঘটনাও পোস্টে উল্লেখ করেন রাশেদ খান। এসব ঘটনাকে তিনি সরকারের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন। তবে রাড্ডা ক্লিনিক ও নিউ গিনি প্রোপার্টিজের ঘটনাগুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে জমি বিরোধসহ বিভিন্ন বিষয় সামনে এসেছে এবং সংশ্লিষ্টতার চূড়ান্ত সত্যতা তদন্তের মাধ্যমেই নির্ধারিত হবে।

বিএনপির মতো বড় রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের মানুষের অনুপ্রবেশ ঘটতে পারে উল্লেখ করে রাশেদ খান দাবি করেন, রাড্ডা ক্লিনিকের ঘটনায় কিছু সুবিধাবাদী ব্যক্তিকে ব্যবহার করে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

তবে রাশেদ খানের এসব অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামী বা এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।''


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝