স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
নিজস্ব প্রতিবেদক

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, যেখানে দখলদারিত্ব ও চাঁদাবাজি হচ্ছে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, তিনি বিভিন্ন সময় অসংলগ্ন বক্তব্য দিয়েছেন এবং দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন বলে অভিযোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদাহরণ হিসেবে মিরপুরের রাড্ডা সেন্টার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা তুলে ধরেন নাহিদ। তাঁর অভিযোগ, এসব ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা দেখা গেছে। রাড্ডা সেন্টারের ঘটনায় সরকারি ও দলীয় মদদের অভিযোগও করেন তিনি, তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল এখনো চূড়ান্ত নয়।
নাহিদ ইসলাম আরও বলেন, রাজধানীর বাইরেও দখল ও সংঘর্ষের বিভিন্ন ঘটনা ঘটছে। হবিগঞ্জে সিএনজি বা অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ এবং সাভারে মাদরাসা দখলের চেষ্টার কথা উল্লেখ করে তিনি সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে—এমন প্রত্যাশা করা হলেও তাঁর দাবি অনুযায়ী পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা নিয়ে পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
আ.দৈ/আরএস




















