সাবেক ওসি রাকিবুলের সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওসি বদলি ও প্রত্যাহার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বদলি শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়; কর্তব্যে অবহেলা বা কোনো বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেলেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বদলিই চূড়ান্ত ব্যবস্থা নয়, পরবর্তী সময়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
রাকিবুল হাসানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে তদন্ত ও ফরেনসিক পরীক্ষা হয়েছে। বিভিন্ন সংস্থার তদন্তের পর মামলা করা হয়েছে এবং বিভাগীয় কার্যক্রমও চলছে। একই সঙ্গে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা ও গ্রেপ্তারের কথাও জানান তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন রাকিবুল হাসান। অডিওতে পুলিশের অভ্যন্তরীণ পরিস্থিতি, কর্মকর্তা পদায়ন ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন মন্তব্য শোনা যায়। ওসি পদায়নে অর্থ লেনদেন ও প্রভাব খাটানোর অভিযোগও তিনি তুলেছিলেন বলে জানা যায়।
অডিওটি নিয়ে তদন্তের পর তাঁকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। গত ২৪ সেপ্টেম্বর ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পরে মামলাটির তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) দেওয়া হয়েছে।
আ.দৈ/আরএস




















