ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না, একমাত্র শীতই আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার খবর নাকচ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ডিসেম্বরে বাংলাদেশে কেউ আসবে না, একমাত্র শীতই আসবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় শীতের প্রস্তুতি হিসেবে জাম্পার বা হালকা জ্যাকেট কেনার পরামর্শও দেন প্রতিমন্ত্রী।
সম্প্রতি শেখ হাসিনার মুখপাত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না। তিনি বিষয়টিকে অপ্রাসঙ্গিক বলেও মন্তব্য করেন।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাঁকে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে দেশে আনা হবে। তাঁর ভাষায়, এটাই শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র উপায়।
ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার বক্তব্য প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, পৃথিবীর সব জায়গার রাজনীতিতে কিছু ‘পাগল’ থাকে। বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং তাদের সঙ্গে গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে।
শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে দেশটির অবস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি ভারতের জন্যও বিরক্তিকর হয়ে উঠেছে। অতিথির উদাহরণ টেনে তিনি বলেন, কাউকে বাড়িতে আমন্ত্রণ জানানোর পর তিনি অনাকাঙ্ক্ষিত আচরণ করলে তাকে বের করে দেওয়া যেমন কঠিন, তেমনি রাখাও বিরক্তিকর হয়ে ওঠে।
ব্রিফিংয়ে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও সাংবাদিকেরা প্রশ্ন করেন।
আ.দৈ/আরএস




















