তিন বছরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক

গত তিন বছরে তৈরি পোশাকশ্রমিকদের চারটি গ্রেডে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ মজুরি বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি দাবি করেছেন, নতুন মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না। স্বাধীন, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় মজুরি বোর্ড নতুন কাঠামো নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ ও জ্বালানি সংকটের মধ্যেও আগের পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের মধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা গ্রহণযোগ্য ও সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। শ্রমিক ও মালিক প্রতিনিধিরাও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।
একটি গ্রেডে ঐকমত্য না হওয়ায় ভোটের মাধ্যমে মজুরি নির্ধারণ করা হয়। ওই গ্রেডে শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৬ হাজার টাকা প্রস্তাব করেছিল। ভোটের পর মাঝামাঝি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।
তিনি জানান, ২০২৩ সালে প্রথম গ্রেডের শ্রমিকদের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। এবার তা বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অর্থাৎ বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা ৪৩ শতাংশ। বোনাস ও ওভারটাইম যুক্ত হলে শ্রমিকদের মাসিক আয় আরও বাড়বে বলেও মনে করেন তিনি। মালিক প্রতিনিধিদের বরাতে মাহদী আমিন বলেন, অনেক শ্রমিক মাস শেষে ২৫ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন বলে আশা করা হচ্ছে।
নতুন মজুরি নির্ধারণে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, অন্যান্য শিল্পের মজুরি, কারখানার সক্ষমতা এবং প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামো বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, নতুন কাঠামো বিপুলসংখ্যক শ্রমিক ও মালিকের কাছে গ্রহণযোগ্য হয়েছে। সরকার সরাসরি প্রক্রিয়ায় যুক্ত না থাকলেও সহযোগিতা ও সমর্থন দিয়েছে।
শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, শ্রমিক অধ্যুষিত এলাকায় ওএমএস ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল দেওয়া হচ্ছে। এ কার্যক্রম বাড়াতে খাদ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে। এ ছাড়া শ্রমিক অঞ্চলে ছয়টির পরিবর্তে সাতটি বিশেষায়িত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে।
নারী শ্রমিকদের নিজের নামে এবং পুরুষ শ্রমিকদের স্ত্রীর নামে কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। মজুরি বাড়ার পর বাড়িভাড়া ও বাসভাড়া যেন হঠাৎ বেড়ে না যায়, সে জন্য স্থানীয় সরকার এবং সড়ক ও পরিবহন মন্ত্রণালয় কাজ করছে। বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা এবং আইন প্রয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মাহদী আমিন।
শ্রমিক অধ্যুষিত এলাকায় বহুতল ভবন নির্মাণের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি এতে ইতিবাচক বলে জানান উপদেষ্টা। জ্বালানি সংকট মোকাবিলায় তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের কাজ চলছে এবং জ্বালানির উৎস বহুমুখী করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
মাহদী আমিন বলেন, বর্তমানে অনেক কারখানা শান্তিপূর্ণভাবে চলছে এবং এ পরিবেশ বজায় রাখতে হবে। মালিকদের উদ্দেশে তিনি বলেন, ন্যূনতম মজুরিই শেষ কথা নয়; সক্ষম মালিকেরা এর চেয়ে বেশি মজুরি দিতে পারেন। তবে যাদের সক্ষমতা কম, তাদেরও আইন মেনে চলতে হবে।
আ.দৈ/আরএস




















