রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
শফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় রাকিবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে গত কয়েকদিন তিনি ডিবি হেফাজতে ছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রাকিবুল কোথায় ছিলেন, তা তাঁর জানা নেই।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে গত ১৭ সেপ্টেম্বর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়। একই ঘটনায় তাঁর বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছিল।
ছড়িয়ে পড়া অডিওতে সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে বক্তব্যের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ শোনা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাকিবুল অবশ্য অডিওটি নিজের নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন।
অডিও ছড়িয়ে পড়ার পর রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয়েছিল বলে সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয় এবং বৃহস্পতিবার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আ.দৈ/এসএন




















