১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কালোটাকা প্রতিরোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের পক্ষ করা হয়েছে।
নোটিশে দাবি করা হয়েছে, যথাযথ রিজার্ভ বা ব্যাকআপ ছাড়া নতুন টাকা সরবরাহের ফলে টাকার ক্রয়ক্ষমতা কমছে এবং মূল্যস্ফীতির চাপ বাড়ছে। এতে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে বলেও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ১০০০ টাকার নোট কালোটাকা মজুত ও অবৈধ লেনদেনে ব্যবহৃত হচ্ছে বলে নোটিশে দাবি করা হয়েছে। এ ক্ষেত্রে ভারতের ২০০০ টাকার নোট বাতিলের উদাহরণও তুলে ধরা হয়েছে।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে যথাযথ রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ এবং ১০০০ টাকার নোট বাতিলে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।
আ.দৈ/আরএস




















